১২০ দল নিয়ে স্কুল হকি
স্কুল হকির এবারের আসরে দল বেড়েছে। ১২০টি দল নিয়ে হবে প্রতিযোগিতাটি।
গতবার ১০১ দল নিয়ে বাংলাদেশ হকি ফেডারেশন স্কুলভিত্তিক এই প্রতিযোগিতার আয়োজন করেছিল।
গতবারের চেয়ে এবার ভেন্যুও বেড়েছে। এবার ১১টি ভেন্যুতে খেলা হবে, যা আগেরবার চেয়ে একটি বেশি।
রোববার বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদে সংবাদ সম্মেলনে ফেডারেশনের কর্মকর্তারা জানায়, আগামী ১৭ ডিসেম্বর স্কুল হকির উদ্বোধন হবে। তবে খেলা মাঠে গড়াবে ১৫ জানুয়ারি।
১২০ দলের আঞ্চলিক পর্বের খেলা শেষে চূড়ান্ত পর্ব শুরু হবে। ৩২ দলকে চারটি গ্রুপে ভাগ করে হবে চূড়ান্ত পর্ব। এরপর কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনাল হবে।
স্কুল হকির গত আসর থেকে বাছাই করা ৪৬জন খেলোয়াড়কে বৃত্তি দিচ্ছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এবারের আসরের জন্য ব্যাংকটি দুই কোটি টাকা হকি ফেডারেশনকে দিচ্ছে।
তবে এবার বৃত্তি নয়, কিশোরদের জন্য আরো ভালো উদ্যোগ নিয়েছে ফেডারেশন। সংস্থাটির সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ সংবাদ সম্মেলনে জানান, এরই মধ্যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপির সঙ্গে তারা চুক্তি করেছেন। বাছাই করা খেলোয়াড়রা বিকেএসপিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তবে সেক্ষেত্রে বিকেএসপি বাছাই করা খেলোয়াড়দের মধ্যে আবার নিজেদের মতো ‘বাছাই’ করে নিবে।
এবারের আসরে খেলোয়াড়দের আরো সুযোগ-সুবিধা দেয়ার কথা সংবাদ সম্মেলনে জানান স্কুল হকি আয়োজক কমিটির সদস্য সচিব মামুনুর রশীদ।
“গতবার আমরা গোলরক্ষকদের কোনো সরঞ্জাম দেইনি। আর্থিক সীমাবদ্ধতার কারণে এগুলো আসলে দেয়া সম্ভব হয়নি। তবে এবার তাদেরকে এগুলো দেয়া হবে।”
