হ্যাজার্ডের নৈপুণ্যে জয়ে ফিরল চেলসি
এডেন হ্যাজার্ডের নৈপুণ্যে হাল সিটিকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে চেলসি। বেলজিয়ামের তারকা নিজে একটি গোল করেন আর দিয়েগো কস্তার করা গোলটিতেও অবদান রাখেন।
আগের ম্যাচে নিউক্যাসলের কাছে ২-১ গোলে হারা চেলসি শনিবার নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শুরুর দিকেই এগিয়ে যায়। সপ্তম মিনিটে দলকে এগিয়ে দেয়া গোলটি করেন হ্যাজার্ড।
দ্বিতীয় গোল পেতে অবশ্য বেশ অনেকক্ষণই অপেক্ষা করতে হয় লিগের শীর্ষে থাকা চেলসিকে। হ্যাজার্ডের পাস থেকে ৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন দিয়েগো কস্তা।
চেলসি ২-০ গোলে এগিয়ে যাওয়ার আগেই অবশ্য এলোমেলো হয়ে যায় সফরকারী হাল সিটি। ৬০তম মিনিটে ইংল্যান্ডের ডিফেন্ডার টম হাডলস্টোনকে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয়।
এই জয়ের পর শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ১৬ ম্যাচে ৩৯। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।
