২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেস্টারের মাঠে সিটির ঘাম ঝরানো জয়

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তলানিতে থাকা লেস্টার সিটিকে হারাতে রীতিমত ঘাম ঝরাতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে। তবে শেষ পর্যন্ত ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের একমাত্র গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2014, 11:38 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

সিটির এই জয়ে শীর্ষে থাকা চেলসির সঙ্গে তাদের ব্যবধান ৩ পয়েন্টেই রইল।

শনিবার আরেক ম্যাচে হাল সিটিকে ২-০ গোলে হারানো চেলসির পয়েন্ট ৩৯। সমান ১৬ ম্যাচে সিটির পয়েন্ট ৩৬।

চোটের কারণে দারুণ ফর্মে থাকা স্ট্রাইকার সের্হিও আগুয়েরো না থাকায় সিটির আক্রমণভাগে শক্তি কিছুটা কম থাকলেও আত্মবিশ্বাসে নিশ্চয় কোনো কমতি ছিল না। গত বুধবার আগুয়েরোকে ছাড়াই তারা ইতালির রোমাকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠে।

পয়েন্ট তালিকার তলানিতে থাকা দল লেস্টারের মাঠে গোল পেতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় সিটিকে। প্রথম ৩০ মিনিটে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা। তবে প্রথমার্ধের শেষ দিকে ল্যাম্পার্ডের নৈপুণ্যে গোল-খরা কাটে বর্তমান চ্যাম্পিয়নদের।

৪০তম মিনিটে ডি বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে বল জালে পাঠান ল্যাম্পার্ড। অবশ্য এই গোলে বড় কৃতিত্ব সামির নাসরির, একজন খেলোয়াড়কে কাটিয়ে বাঁ দিক থেকে দারুণ পাস দিয়েছিলেন ফরাসি এই মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে কয়েকবার ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল সিটি। কিন্তু নাসরি, হেসুস নাভাসদের কেউই সেগুলো কাজে লাগাতে পারেননি।

যোগ করা সময়ে স্বাগতিকরাও ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল, কিন্তু তারাও গোলমুখে ব্যর্থ হয়।