২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফকিরেরপুলকে শিরোপা জিতিয়ে রাসেলে রুমন

সিনিয়র ডিভিশন ফুটবল লিগের চ্যাম্পিয়ন হয়েছে ইয়াংমেন্স ফকিরেরপুল ক্লাব। দলকে শিরোপা এনে দেয়ার পথে ১৬ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রুমন হোসেন। পাবনার এই ফুটবলার এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে যোগ দিয়েছেন প্রিমিয়ার লিগের ক্লাব শেখ রাসেলে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2014, 10:53 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

ফকিরেরপুলের সিনিয়র ডিভিশন ফুটবল লিগের শিরোপা আগেই নিশ্চিত হয়ে যায়। শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ বয়েসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি ৪-২ গোলে জিতেই শিরোপা উদযাপন করে তারা।

১৮ ম্যাচে ১২ জয়, পাঁচ ড্র আর এক হারে ৪১ পয়েন্ট নিয়ে সিনিয়র ডিভিশন ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে ইয়ংমেন্স ফকিরেরপুল। চ্যাম্পিয়ন হওয়ায় দলটি এবার ‘সেকেন্ড টায়ার’-এর আসর চ্যাম্পিয়নশিপ লিগে খেলবে তারা।

চ্যাম্পিয়নশিপে ফকিরেরপুলের হয়ে আর খেলা হচ্ছে না রুমনের। কুড়ি বছর বয়সী স্ট্রাইকারকে দলে টেনে নিয়েছে প্রিমিয়ার লিগের দল শেখ রাসেল। পাবনা থেকে উঠে আসা এই উঠতি তারকা আগামীর চ্যালেঞ্জ জয়ের স্বপ্ন দেখছেন।

“সামনের মৌসুমে শেখ রাসেলে খেলব। অবশ্যই ভালো খেলার চেষ্টা করব।”

পাবনা এডওয়ার্ড কলেজে ডিগ্রিতে পড়া এই তরুণের স্বপ্নটা অবশ্য এর চেয়েও বিস্তৃত।

“এ আসরের সর্বোচ্চ গোলদাতা হতে পেরে আমি খুশি। এখন জাতীয় দলে খেলার স্বপ্নও দেখছি। আমি চাই এমিলি ভাইদের মতো হতে।”

প্রিয় ছাত্রটি শেখ রাসেলে চলে যাচ্ছে বলে কোনো কষ্ট নেই কোচ হুমায়ন কবিরের। ক্লাবটির সভাপতি নাসিরুল ইসলাম মল্লিকের মতোই রুমনকে নিয়ে গর্বিত ফকিরেরপুলের কোচ।

“শেখ রাসেল এরই মধ্যে বাবলু ও রুমনকে দলে নিয়েছে। আমার ছেলেরা যে বড় দলে খেলবে, এটা ভাবতেই ভালো লাগে।”