বায়ার্নের সহজ জয়
জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগায় জয়ের ধারায়ই আছে বায়ার্ন মিউনিখ। আরিয়েন রবেনের জোড়া গোলে অগসবুর্গকে ৪-০ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবার প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে অবশ্য গোলশূন্যভাবেই শেষ করে বায়ার্ন। তবে দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটের মধ্যে গোল চারটি করে তারা।
৫৮তম মিনিটে ফরাসি ডিফেন্ডার মেধি বেনাতিয়া বায়ার্নকে এগিয়ে দেন। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন নেদারল্যান্ডসের ফরোয়ার্ড রবেন। ৬৮তম মিনিটে জালে বল পাঠিয়ে ব্যবধান ৩-০ করেন পোল্যান্ডের স্ট্রাইকার রবের্তো লেভানদোভস্কি।
৭১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন রবেন।
লিগে বায়ার্নের এটা দ্বাদশ জয়। ১৫ ম্যাচে এখন পর্যন্ত অপরাজিত দলটি ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
এদিকে আবারও হারল বরুসিয়া ডর্টমুন্ড। হার্থা বার্লিনের মাঠে ১-০ গোলে হেরেছে গত মৌসুমের রানার্সআপ দলটি। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ১৪।
