লিভারপুলের বিপক্ষে দি মারিয়াহীন ম্যান ইউ
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আনহেল দি মারিয়াকে পাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেড।
শুক্রবার ইউনাইটেডের কোচ লু্ইস ফন গাল জানান, পায়ের পেশির চোটের কারণে নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার এই ম্যাচে আর্জেন্টিনার মিডফিল্ডারকে পাচ্ছে না তার দল।
চোটের কারণে ইউনাইটেডের শেষ দুটি ম্যাচেও খেলতে পারেননি এই মৌসুমে ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড ভেঙে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটিতে নাম লেখানো মারিয়া।
দি মারিয়াকে না পেলেও অবশ্য কোচ ফন গালের কণ্ঠে স্বস্তি। কারণ, কিছুদিন আগেও তার দলের ১২ জন খেলোয়াড় চোটে আক্রান্ত ছিলেন। সেই তুলনায় এখনকার অবস্থাটা বেশ ভালো।
এই প্রসঙ্গে ডাচ এই কোচ বলেন, "এখন আমার দলে চোট পাওয়া মাত্র চার জন খেলোয়াড় আছে। আমার বিশ্বাস, আগের তুলনায় এটা ভালো।"
চোটের কারণে মাঠের বাইরে থাকা ইউনাইটেডের বাকি তিন খেলোয়াড় ডিফেন্ডার লুক শ ও ক্রিস স্মলিং এবং মিডফিল্ডার ডালে ব্লিন্ড।
