নভেম্বরে ইপিএল সেরা আগুয়েরো
ক্লাবের হয়ে মাস জুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন সের্হিও আগুয়েরো। ইংলিশ প্রিমিয়ার লিগের নভেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।
গত মাসের শুরুতে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আগুয়েরোর একমাত্র গোলে জয় পায় সিটি। পরের সপ্তাহে কিউপিআরের মাঠে দুই দুইবার পিছিয়ে পড়েও আগুয়েরোর জোড়া গোলে হার এড়ায় ইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠানোর পাশাপাশি এই সময়ে গোল করিয়েছেনও আগুয়েরো। মাসের শেষ সপ্তাহে সাউথহ্যাম্পটনের বিপক্ষে সিটির ৩-০ ব্যবধানের জয়ে দুটি গোলে আর্জেন্টিনার এই তারকার অবদান ছিল।
লিগে এ পর্যন্ত ১৪ গোল করা আগুয়েরো গোলদাতার তালিকাতেও শীর্ষে আছেন।
নভেম্বর মাসে সেরা কোচের পুরস্কার পেয়েছেন অ্যালান পারডু। তার অধীনে চার ম্যাচের তিনটিতে জিতেছে নিউক্যাসল ইউনাইটেড।
