২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকআউট পর্বে চেলসির সঙ্গী শালকে

চেলসির কাছে স্পোর্তিং লিসবনের হারের সুযোগ কাজে লাগিয়েছে শালকে। মারিবোরকে ১-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে জোসে মরিনিয়োর দলের সঙ্গে নকআউট পর্বে উঠেছে জার্মানির দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 04:50 AM

Updated : 13 Oct 2022, 12:54 PM

‘জি’ গ্রুপ থেকে নকআউট পর্ব আগেই নিশ্চিত করেছিল চেলসি। বুধবার রাতে স্পোর্তিংকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠল জোসে মরিনিয়োর দল চেলসি।

ছয় ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এই গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে শালকে। স্পোর্তিংকে পেছনে ফেলে শেষ ষোলোয় জায়গা পেতে হলে জিততেই হতো বুন্দেসলিগার দলটির।

পর্তুগালের ঘরোয়া লিগের সেরা স্পোর্তিং ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে ইউরোপা লিগে খেলার সুযোগ পেল। আগেই বিদায় নেয়া স্লোভেনিয়ার দল মারিবোরের পয়েন্ট ৩।

বুধবার রাতে চেলসির জয়ে একটি করে গোল করেন সেস ফাব্রেগাস, আন্দ্রে শুরলে ও জন ওবি মিকেল।

নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে সপ্তম মিনিটেই ফাব্রেগাসের পেনাল্টি গোলে এগিয়ে যায় চেলসি। ডি বক্সের মধ্যে স্পোর্তিং লিসবনের রিকার্দো এসগেইও ফিলিপে লুইসকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

ষষ্ঠদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মরিনিয়োর দল। নেমানিয়া মাতিচের বাড়ানো বল থেকে ডান পায়ের জোরালো শটে গোলটি করেন আন্দ্রে শুরলে।

দ্বিতীয়ার্ধে জোনাথান সিলভার গোলে ব্যবধান কমায় স্পোর্তিং। কিন্তু অতিথিদের ম্যাচে ফেরা কঠিন করে দেন জন ওবি মিকেল। গ্যারি কাহিলের নেয়া কর্নার থেকে চেলসিকে ৩-১ গোলে এগিয়ে দেন তিনি।

‘জি’ গ্রুপের অপর ম্যাচে শালকের জয়ের নায়ক মাক্স মাইয়ার। গোলশূন্য প্রথমার্ধের পর ৬২তম মিনিটে গোলটি করেন জার্মানির এই মিডফিল্ডার।