রিয়ালে রোনালদোর সঙ্গে খেলার স্বপ্ন ব্রাজিলের সিলভার
রিয়াল মাদ্রিদে নাম লেখাতে পারলে লুকাস সিলভার দুটি স্বপ্ন এক সঙ্গে পূরণ হবে। স্পেনের ক্লাবটির সঙ্গে ক্রিস্তিয়ানো রোনালদোর পাশে খেলার স্বপ্ন দেখেন ব্রাজিলের এই মিডফিল্ডার।
স্পেনের সংবাদমাধ্যমে সম্প্রতি খবর বেরিয়েছে, আসছে দলবদলের মৌসুমে রিয়াল মাদ্রিদ দলে টানতে পারে ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোর মিডফিল্ডার সিলভাকে। ২১ বছর বয়সী রক্ষণাত্মক মিডফিল্ডারও রিয়ালে নাম লেখাতে চান।
“রিয়াল মাদ্রিদের মতো একটি দলে খেলতে আমি উন্মুখ হয়ে আছি। ...ছেলেবেলা থেকেই আমি ক্রিস্তিয়ানোকে অনুসরণ করি।...আমি কখনোই আশা করিনি যে একদিন (সম্ভবত তার সঙ্গে খেলব)। এটা হবে স্বপ্নপূরণ।”
ইউরোপের ফুটবল দর্শক আর রিয়াল মাদ্রিদের সমর্থকদের কাছে সিলভার নাম অতটা পরিচিত নয়। তবে ব্রাজিলের ফুটবলে ভালো খেলা এই মিডফিল্ডারের দিকে আগে থেকেই নজর আছে স্পেনের সফলতম ক্লাবটির।
গত শনিবার সেল্তা ভিগোর বিপক্ষে রিয়ালের ৩-০ গোলের জয়ের দিন চোট পান কলম্বিয়ার ফরোয়ার্ড রদ্রিগেস। এ ছাড়া আগে চোটে পড়েছিলেন লুকা মদ্রিচ। সামি খেদিরার অবস্থাও খুব একটা সুবিধার নয়। সব মিলিয়ে মাঝমাঠে শূন্যতা পূরণ করতে আগামী জানুয়ারিতে দলবদলের মৌসুমেই রিয়াল সিলভাকে দলে নিতে পারে বলে মনে করে স্পেনের সংবাদমাধ্যম।
২০১২ সালে ক্রুজেইরোর হয়ে ব্রাজিলের পেশাদার ফুটবলে আবির্ভাব সিলভার। দলটির হয়ে ৪৪ ম্যাচ খেলে ৩টি গোল করেন রক্ষণাত্মক এই মিডফিল্ডার। জাতীয় দলের হয়ে অভিষেক না হলেও ব্রাজিলের অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেন সিলভা।
