ছয়ে ছয় রিয়ালের
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ৬ ম্যাচের সবকটিই জিতেছে রিয়াল মাদ্রিদ। আর এতে অনন্য একটি কীর্তিও গড়া হলো স্পেনের ক্লাবটির। একমাত্র দল হিসেবে দুবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জয়ের কৃতিত্ব দেখাল তারা।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো আগেই নিশ্চিত হয়ে যায় রিয়াল মাদ্রিদের। মঙ্গলবার লুদোগোরেতসের বিপক্ষে ৪-০ গোলের জয়টিতে নিজেদের রেকর্ড আরেকটু সমৃদ্ধ হলো তাদের।
এর আগে ২০১১-১২ মৌসুমে জোসে মরিনিয়োর অধীনে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জিতেছিল।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জয়ের একবার করে কীর্তি আছে চারটি দলের। ১৯৯২-৯৩ মৌসুমে এসি মিলান গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতেছিল। ১৯৯৪-৯৫ মৌসুমে এই কীর্তি গড়ে পিএসজি। পরের মৌসুমেই স্পার্তাক মস্কো একই কীর্তি গড়ে। এরপর ২০০২-০৩ মৌসুমে গ্রুপ পর্বে নিজেদের সবকটি ম্যাচ জেতে বার্সেলোনা।
লুদোগোরেতসকে হারিয়ে সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৯ ম্যাচ জিতল কার্লো আনচেলত্তির দল। স্পেনের কোনো ক্লাবের এটিই টানা সবচেয়ে বেশি জয়ের রেকর্ড।
২০০৫-০৬ মৌসুমে টানা ১৮ ম্যাচ জিতে রেকর্ডটা গড়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। গত শনিবার লা লিগায় সেল্তা ভিগোকে হারিয়ে সেটি স্পর্শ করে ক্রিস্তিয়ানো রোনালদো-গ্যারেথ বেলরা।
