বার্সেলোনার প্রতিশোধের লড়াই
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে দুই ম্যাচ বাকি থাকতেই বার্সেলোনা ও পিএসজির নকআউটে খেলা নিশ্চিত হলেও ফিরতি লেগে তাদের মুখোমুখি লড়াইয়ের উত্তাপটা এতটুকু কমছে না। এই ম্যাচের বিজয়ীরা গ্রুপ সেরা হিসেবে সেরা ষোলোতে খেলবে।
বার্সেলোনার জন্য লড়াইটা আবার প্রতিশোধেরও। প্রথম লেগে পিএসজির মাঠে ৩-২ গোলে হেরে গিয়েছিল তারা।
বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় বার্সেলোনার মাঠ কাম্প নউতে হবে ম্যাচটি।
ইউরোপ সেরার এবারের প্রতিযোগিতায় এখন পর্যন্ত অপরাজিত ফ্রান্সের দল পিএসজি, ১৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে তারা। ঘরোয়া লিগেও দুর্দান্ত খেলছে দলটি।
১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সাম্প্রতিক পারফরম্যান্সও চমৎকার। আর স্পেনের দলটির সবচেয়ে বড় সুবিধা হলো, তাদের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আছেন দুর্দান্ত ফর্মে। গত চার ম্যাচে তিনটিতে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড, এর মধ্যে একটি আবার চ্যাম্পিয়ন্স লিগের গত ম্যাচে।
গত ২৫ নভেম্বর আপোয়েলের মাঠে হ্যাটট্রিক করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন মেসি। প্রতিযোগিতায় তার বর্তমান গোলসংখ্যা ৭৪টি।
বার্সেলোনার কোচ লুইস এনরিকে অবশ্য নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্স বা মেসির দারুণ ফর্মের ওপর ভিত্তি করে স্বপ্ন দেখতে রাজি নন। প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা রেখে তিনি জানালেন, জিততে হলে নিজেদের সেরাটা দিতে হবে।
“শিরোপা জিততে পারে এমন একটা দলের বিপক্ষে আমরা খেলব এবং তারা উঁচু মানের একটা দল। তাই আক্রমণ এবং রক্ষণে আমাদের সেরাটা দিতে হবে।”
