২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লুদোগোরেতসকে উড়িয়ে ইতিহাস রিয়ালের

স্পেনের কোনো দলের টানা জয়ের রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লুদোগোরেতসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নতুন এই ইতিহাস গড়লো ইউরোপের সফলতম দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 04:24 AM

Updated : 13 Oct 2022, 12:54 PM

সব প্রতিযোগিতা মিলে কার্লো আনচেলত্তির দলের এটা টানা ১৯তম জয়।

২০০৫-০৬ মৌসুমে টানা ১৮ ম্যাচ জিতে রেকর্ডটা গড়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। গত শনিবার লা লিগায় সেল্তা ভিগোকে হারিয়ে আগের রেকর্ডটা স্পর্শ করে ক্রিস্তিয়ানো রোনালদো-গ্যারেথ বেলরা।

টানা জয়ের ইতিহাস গড়ার পথে ঘরের মাঠে ম্যাচের শুরুতেই রোনালদোর পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যায় রিয়াল। আর নকআউট পর্বে ওঠার লড়াই থেকে আগেই ছিটকে পড়া লুদোগোরেতস তাদের ইউরোপা লিগে খেলার স্বপ্নে বড় এক ধাক্কা খায়।

সান্তিয়াগো বের্নাবেউয়ে ১৯তম মিনিটে রিয়ালের ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানের হেড হাত দিয়ে ঠেকালে লাল কার্ড দেখেন লুদোগোরেতসের ব্রাজিলের স্ট্রাইকার মার্সেলিনিয়ো। আর পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেননি পর্তুগিজ তারকা রোনালদো।

চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর এটা ৭২তম গোল। আর এবারের আসরে তার এটা পঞ্চম আর মৌসুমে ৩০তম গোল।

বুলগেরিয়ার দলটি ১০ জনের দলে পরিণত হওয়ার পর আরো আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াল। ৩৮তম মিনিটে গ্যারেথ বেলের নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণও করে ফেলে তারা। জার্মানির মিডফিল্ডার টনি ক্রুসের কর্নারে খুব কাছ থেকে বল জালে পাঠান ওয়েলসের এই ফরোয়ার্ড।

বিরতির পরও প্রতিপক্ষের রক্ষণে চাপ বজায় রাখে দুর্দান্ত ফর্মে থাকা রিয়ালের আক্রমণভাগ। দ্বিতীয়ার্ধের অনেকটা সময় রোনালদো-বেলদের ঠেকিয়েও রেখেছিল বুলগেরিয়ার দলটি। তবে শেষ দিকে ১০ মিনিটের ব্যবধানে আরো দুই গোল করে বড় জয় নিশ্চিত করে রিয়াল।

৭৮তম মিনিটে ছোট ডি বক্সের বাঁ দিক থেকে ডান পায়ের শটে তৃতীয় গোলটি করেন স্পেনের ডিফেন্ডার আরবেলোয়া।

আর নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগে স্বদেশী স্ট্রাইকার হেসের পাস পেয়ে ডি বক্সের বাইরে থেকে ব্যবধান ৪-০ করেন বদলি মিডফিল্ডার স্পেনের মেদরান।

এই জয়ে গ্রুপ পর্বে শতভাগ সাফল্য নিয়ে নকআউট পর্বে উঠলো বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১৮।

মঙ্গলবার রাতে গ্রুপের অন্য ম্যাচে লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করে সেরা ষোলোতে রিয়ালের সঙ্গী হয়েছে বাসেল। সুইজারল্যান্ডের দলটির পয়েন্ট ৭।

৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা লিভারপুলের এখন খেলতে হবে ইউরোপা লিগে।

'ডি' গ্রুপ চ্যাম্পিয়ন বরুসিয়া, রানার্সআপ আর্সেনাল

বেলজিয়ামের ক্লাব আন্ডারলেখটের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছে বরুসিয়া ডর্টমুন্ড।

অন্য ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে আর্সেনাল। তবে শেষ ম্যাচে জিতলেও গ্রুপ রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ইংল্যান্ডের দলটিকে।

৬ ম্যাচ শেষে বরুসিয়া ও আর্সেনালের পয়েন্টই সমান ১৩। মুখোমুখি লড়াইয়েও কেউ কারো চেয়ে এগিয়ে নেই। তবে সব ম্যাচের হিসেবে গোল পার্থক্যে এগিয়ে থেকে গ্রুপের সেরা দল হিসেবেই নকআউট পর্বে খেলবে জার্মানির ক্লাব বরুসিয়া।

৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া আন্ডারলেখট ইউরোপা লিগে খেলবে।