বায়ার্নের সঙ্গী হতে কঠিন সমীকরণে ৩ দল
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে ম্যানচেস্টার সিটির শুরুটা ভালো না হলেও গ্রুপ পর্বের শেষ দিকে এসে ঘুরে দাঁড়িয়েছে তারা। বায়ার্ন মিউনিখের সঙ্গী হয়ে ইংল্যান্ডের দলটির নকআউট পর্বে ওঠার আশাও যেমন আছে, ছিটকে পড়ার শঙ্কাও তেমন আছে।
অবশ্য সেরা ষোলোতে ওঠার পথটা সহজ নয়। নকআউট পর্বে উঠতে হলে গ্রুপের শেষ ম্যাচে রোমাকে হারাতেই হবে তাদের। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে, আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়া বায়ার্ন মিউনিখের মাঠে যেন পয়েন্ট হারায় সিএসকেএ মস্কো।
বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় ইতালির দল রোমার মাঠে খেলবে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন সিটি। বায়ার্ন ও মস্কোর ম্যাচটিও একই সময়ে হবে।
গ্রুপ পর্বের প্রথম চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে আগেই নকআউট পর্বে ওঠে বায়ার্ন। আর সমান পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট করে পাওয়া 'ই' গ্রুপের বাকি তিনটি দলেরই সেরা ষোলোতে ওঠার সুযোগ আছে।
প্রথম চার ম্যাচের দুটিতে হার এবং দুটিতে ড্র করে ২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কায় পড়ে গিয়েছিল সিটি। ওখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মানুয়েল পেল্লেগ্রিনির দল। পঞ্চম ম্যাচে ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন বায়ার্নকে ৩-২ গোলে হারিয়ে স্বপ্ন বাঁচিয়ে রাখে তারা।
রোমার বিপক্ষে কঠিন এই লড়াইয়ে নামার আগে বড় একটা দুশ্চিন্তা পেয়ে বসেছে সিটি কোচকে। দারুণ ফর্মে থাকা সের্হিও আগুয়েরো চোট পাওয়ায় এই ম্যাচে খেলতে পারবেন না। আর্জেন্টিনার এই স্ট্রাইকারের হ্যাটট্রিকেই বায়ার্নকে হারিয়েছিল তারা।
অবশ্য রোমার মাঠে ড্র করলেও পরের রাউন্ডে খেলার সুযোগ পেতে পারে সিটি, তবে সেক্ষেত্রে অবশ্যই বায়ার্নের কাছে হারতে হবে মস্কোকে।
সেরা ষোলোতে বায়ার্নের সঙ্গী হতে সমীকরণে সিটির চেয়ে কিছুটা হলেও এগিয়ে আছে রোমা। নিজেদের মাঠে ইংল্যান্ডের চ্যাম্পিয়নদের হারাতে পারলেই টুর্নামেন্টের পরের ধাপে উঠে যাবে ইতালির দলটি।
আর দুটি ম্যাচই ড্র হলে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে থাকা তিনটি দলের পয়েন্ট হবে সমান ৬। সেক্ষেত্রেও তিন দলের মধ্যে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে সেরা ষোলোতে খেলবে রোমা।
পরের ধাপে উঠতে রাশিয়ার ক্লাব সিএসকেএ মস্কোর হিসেবটা প্রায় সিটির মতো। শুধু বায়ার্নকে হারালেই চলবে না, প্রার্থনা করতে হবে যেন সিটির বিপক্ষে পয়েন্ট হারায় রোমা।
আর যদি সিটি এবং মস্কো শেষ দুই ম্যাচে জেতে, তাহলে দুই দলেরই পয়েন্ট হবে ৮। সেক্ষেত্রে মুখোমুখি লড়াইয়ে সেরা ষোলোর টিকেট পাবে মস্কোর দলটি।
