২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থপুরস্কার পাচ্ছে হ্যান্ডবলে শিরোপা জয়ী মেয়েরা

পাকিস্তান থেকে আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি জিতে দেশে ফিরেই সুসংবাদ পেল মহিলা হ্যান্ডবল দল। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন তাদেরকে দেড় লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 11:18 PM

Updated : 25 Apr 2022, 05:05 PM

মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মহিলা দলকে বরণ করে নেন বিওএ মহাসচিব শাহেদ রেজা। এ সময় তিনি স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে আইএইচএফ চ্যালেঞ্জ কাপের শিরোপা জেতা মেয়েদের অর্থপুরস্কার দেয়ার কথা বলেন।

পাকিস্তানকে তাদের মাটিতে হারাতে পেরে উচ্ছ্বাসের কথা জানান মহিলা হ্যান্ডবল দলের অধিনায়ক তৃপ্তি।

শিরোপা জয়ী মেয়েদের সামনের পথটা আরো সহজ করে দেয়ার জন্য বিওএ ও সরকারের সহযোগিতা চাইলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।

“হ্যান্ডবলে ছেলে ও মেয়েদের বিভাগে এটাই আমাদের সেরা সাফল্য। মেয়েদের জন্য আমরা আরো কাজ করতে চাই। সামনে এসএ গেমস আছে। সেখানে ভালো করলে এশিয়ান গেমসে দল পাঠানোর চিন্তা আছে আমাদের। এ জন্য আমরা বিওএ ও সরকারের সহযোগিতা চাই।”

রোববার ফাইনালে স্বাগতিক পাকিস্তানকে ৩৪-২২ গোলে হারিয়ে আইএইচএফ চ্যালেঞ্জ কাপের শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা।

ইয়েমেনের বিপক্ষে ৪৮-১৩ গোলের জয় দিয়ে পাকিস্তানের এ আসরে শুভ সূচনা করেছিল তৃপ্তি-শিরিনরা। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫২-৫ গোলের বিশাল ব্যবধানের জয় পায় বাংলাদেশের মেয়েরা। এরপর তৃতীয় ম্যাচে নেপালকে ৩৫-১৯ গোলে হারায় তারা।

আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) এই আসরের মহিলা বিভাগে আফগানিস্তান, নেপাল, ভারত, বাংলাদেশ, ইয়েমেন ও স্বাগতিক পাকিস্তান অংশ নেয়।