২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডোপ পরীক্ষায় মেসি!

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে নিয়মিত ডোপ পরীক্ষার মুখোমুখি হয়েছেন লিওনেল মেসি। তবে দৈবচয়নের ভিত্তিতে বার্সেলোনার পাঁচজন খেলোয়াড়ের মধ্যে কেবল তারই মূত্র আর রক্ত দুটো নমুনাই দিতে হয়েছে। বিষয়টি মেনে নিতে কষ্ট হচ্ছে আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ডের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 04:55 PM

Updated : 25 Apr 2022, 05:05 PM

‘এফ’ গ্রুপে বুধবার নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। এর আগেই উয়েফার নির্দেশে স্পেনের কর্তৃপক্ষ রুটিন ডোপ পরীক্ষার জন্য বার্সেলোনার পাঁচ খেলোয়াড়কে ডাকে।

মেসি ছাড়া বাকি চার খেলোয়াড় হলেন আন্দ্রেস ইনিয়েস্তা, ক্লাওদিও ব্রাভো, ইভান রাকিতিচ ও জর্দি আলবা। এদের মধ্যে মেসিরই কেবল বাড়তি পরীক্ষার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।

মেসি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এজন্য ক্ষোভ প্রকাশ করে লেখেন, “ডোপ নিয়ন্ত্রণ। বেছে নেয়া ৫ জনের মধ্যে আমাকেই শুধু মূত্র আর রক্তের নমুনা দিতে হলো...কিছুটা অদ্ভুত, তাই নয় কি?”