২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান ম্যাচে মামুনুলকে পাওয়ার আশা

জাপান অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি নেওয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয় দল। সোমবার প্রথম দিনের অনুশীলনে অধিনায়ক মামুনুল ইসলাম না থাকলেও জাপানের বিপক্ষে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ সাইফুল বারী টিটো।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 08:28 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

বর্তমানে মামুনুল ইন্ডিয়ান সুপার লিগে আতলেতিকো দি কলকাতার হয়ে খেলছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টিটো বলেন, “ইন্ডিয়ান সুপার লিগে খেলার কারণে মামুনুল প্রস্তুতি ক্যাম্পে যোগ দেয়নি। তবে জাপানের বিপক্ষে তার খেলার সম্ভাবনা আছে।”

কোচ আশাবাদী হলেও মামুনুলের জাপানের বিপক্ষের ম্যাচে পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকছেই। ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল ম্যাচ হবে ২০ ডিসেম্বরে। আর আতলেতিকো দি কলকাতা সঙ্গে মামুনুলের চুক্তিও ২০ ডিসেম্বর পর্যন্ত।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-জাপান প্রীতি ম্যাচটি হবে ১৮ ডিসেম্বরে।

টিটো জানান, মামুনুল ছাড়া প্রাথমিক দলের ২২জন ফুটবলারই প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছেন।

জাপানের বিপক্ষের প্রীতি ম্যাচের ২৩ সদস্যের প্রাথমিক দলে ভুটান থেকে কিংস কাপ জিতে আসা দলে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবেরই আছে ১২ জন ফুটবলার।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ছয়জন, আবাহনী লিমিটেডের তিনজন এবং মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ও শেখ রাসেল ক্রীড়া চক্রের একজন করে ফুটবলার প্রাথমিক দলে জায়গা পেয়েছেন।