ড্র করলেই নকআউট পর্বে ইউভেন্তুস
ঘরোয়া লিগে শীর্ষস্থান ধরে রাখলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এখনও নকআউট পর্ব নিশ্চিত করতে পারেনি ইউভেন্তুস। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ড্র করলেই সেরা ষোলোতে উঠে যাবে ইতালির সফলতম দলটি।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় স্পেনের দলটির বিপক্ষে নিজেদের মাঠে খেলবে ইউভেন্তুস। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে সুইডেনের ক্লাব মালমোর বিপক্ষে ঘরের মাঠে খেলবে গ্রিসের দল অলিম্পিয়াকোস।
পাঁচ ম্যাচে তিন জয় ও দুই হারে ৯ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের দ্বিতীয় স্থানে আছে ইউভেন্তুস। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আতলেতিকো আগেই নকআউট পর্বের টিকেট নিশ্চিত করেছে।
ইউভেন্তুসের বিপক্ষে এই ম্যাচে ন্যূনতম এক পয়েন্ট পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে আতলেতিকো।
