মেসির কাছে আরো প্রত্যাশা বার্সেলোনার
বল পায়ে রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন, ক্লাবের হয়ে জিতেছেন প্রায় সব শিরোপা, কিন্তু লিওনেল মেসির সাফল্য ক্ষুধা এক চিলতে কমেনি। আর প্রিয় শিষ্যের কাছে কোচ লুইস এনরিকের প্রত্যাশাও প্রতিনিয়ত বাড়ছে। এস্পানিওলের বিপক্ষে ম্যাচের পর দলের সেরা তারকার প্রশংসা করার পাশাপাশি বার্সেলোনার কোচ জানালেন, ক্লাব তার কাছে আরো চায়।
রোববার রাতে বার্সেলোনার বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর আর্জেন্টিনার তারকার প্রশংসা করতে হলো এস্পানিওল কোচ সের্হিও গনসালেসকেও।
গত চার ম্যাচে মেসির এটা তৃতীয় হ্যাটট্রিক। গত ২২ নভেম্বর সেভিয়াকেও একই ব্যবধানে হারানোর ম্যাচে তিন গোল করেছিলেন তিনি। তার তিন দিন পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আপোয়েলের জালেও তিন গোল করেন আর্জেন্টিনা অধিনায়ক। এই দুই হ্যাটট্রিকে তিনি যথাক্রমে ভাঙেন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড।
মেসির জাদুকরী স্পর্শে গত এক দশকে বার্সেলোনা ইউরোপের অন্যতম সফল দল হিসেবে উঠে এসেছে। এই সময়ে ক্লাবের হয়ে তিনবার ইউরোপ সেরা ও ছয়বার লা লিগার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। এছাড়া দুইবার ক্লাব বিশ্বকাপসহ মেসির অসাধারণ নৈপুণ্যে আরো অনেক শিরোপা জিতেছে বার্সেলোনা। তবে মেসির জাদুকরী স্পর্শে আরো এগোতে চায় দলটি।
কাতালুনিয়ার দলটির বর্তমান কোচ মেসির কাছে আরো চান এবং সেটা শুধু প্রতিপক্ষের গোলমুখে নয়।
“আপনি আপনার দলের সেরা খেলোয়াড়ের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে চাইবেন। আমরা চাই, মেসি দলকে আরো দিক আর সেটা শুধু আক্রমণভাগেই নয়। আমরা খেলায় তার সর্বোচ্চ অংশগ্রহন চাই এবং এটা দলের জন্য গুরুত্বপূর্ণ।”
বার্সেলোনার বিপক্ষে এই ম্যাচে ত্রয়োদশ মিনিটেই এগিয়ে গিয়েছিল এস্পানিওল। ৪২তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোলের দারুণ একটি সুযোগ নষ্ট করে অতিথিরা। সব মিলে প্রথমার্ধের অধিকাংশ সময় ভালো অবস্থানেই ছিল অতিথিরা। কিন্তু মেসি জ্বলে ওঠায় বড় হারের লজ্জা পেতে হলো বার্সোলোনার প্রতিবেশীদের।
কাম্প নউয়ে বিরতির খানিক আগে গোলের সূচনা করেন মেসি। আর শেষ করেন নির্ধারিত সময় শেষের ৯ মিনিট আগে।
ডি-বক্সের বাইরে থেকে মাপা শটে সমতা ফেরানোর পর লুইস সুয়ারেসের পাস দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণে নিয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন মেসি। আর পেদ্রোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দারুণ এক টোকায় লা লিগায় ২১তম হ্যাটট্রিক পূরণ করেন লিগ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। বার্সেলোনার হয়ে লা লিগায় ২৯১ ম্যাচে ২৫৬ গোল হলো আর্জেন্টিনা অধিনায়কের।
মেসির এমন জাদুকরী পারফরম্যান্সের পর তাকে 'কিংবদন্তি' বলতে তাই একটুও দ্বিধা করলেন না এসপানিওল কোচ।
“মেসির সম্পর্কে এবং সে কি করতে পারে, আমরা সব জানি। সে একজন ফুটবল কিংবদন্তি হবে। তার মতো একজন খেলোয়াড় পাওয়া বার্সেলোনার জন্য অনেক সুবিধার।”
আর কাম্প নউয়ের ম্যাচটির পর বার্সেলোনা ডিফেন্ডার পিকে বললেন, “মেসিকে বর্ণনা করার জন্য কোনো শব্দ নেই। সে আমাদের অনেক কিছু দিয়েছে। আমি আবারও বলছি, সে আমাদের জন্য যা করেছে তা বর্ণনা করার মতো কোনো শব্দ নেই।”
