ব্রাজিলে রেফারিকে বাঁচাতে মাঠে দাঙ্গা পুলিশ
ব্রাজিলের শীর্ষ লিগের একটি ম্যাচ শেষে খেলোয়াড়দের আক্রমণ থেকে রেফারিকে বাঁচাতে মাঠে দাঙ্গা পুলিশ নামাতে হয়েছে।
ব্রাজিলিয়ান লিগ মৌসুমের শেষ দিন ইন্তারনাসিওনাল ও ফিগেইরেনসির ম্যাচে ঘটে এই অপ্রীতিকর ঘটনা।
ইন্তারনাসিওনালের কাছে ২-১ গোলে হেরে লিগে দ্বাদশ হয় ফিগেইরেনসি। এমন না যে ম্যাচটা জিতলে অনেক ওপরে থাকতো তারা; তখন দলটি হতো একাদশ। হয়তো এগিয়ে থাকা ম্যাচে হারতে হওয়াতেই ক্ষোভ ছিল খেলোয়াড়দের। ম্যাচে আবার রেফারি দুই দলেরই দুইজন করে খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়েছিলেন।
ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ফিগেইরেনসির খেলোয়াড়রা তেড়ে যান রেফারির দিকে। রেফারিকে বাঁচাতে তখন এগিয়ে আসেন ইন্তারনাসিওনালের এক ফুটবলার। মাঠে দাঙ্গা পুলিশ না আসা পর্যন্ত তিনিই ঠেকিয়ে রাখেন ফিগেইরেনসি ফুটবলারদের আক্রমণ।
এরপর দাঙ্গা পুলিশ এসে নিয়ন্ত্রণে নেয় পরিস্থিতি।
