চেলসির সঙ্গে ব্যবধান কমালো ম্যান সিটি
দিনের শুরুতে চেলসি হেরে যাওয়ায় শীর্ষস্থানধারীদের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ পেয়ে যায় ম্যানচেস্টার সিটি। আর এভারটনকে হারিয়ে সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবার রাতের এই ম্যাচে পেনাল্টি থেকে ইয়াইয়া তুরের একমাত্র গোলে জিতেছে মানুয়েল পেল্লেগ্রিনির দল। এই দিনের প্রথম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-১ ব্যবধানে হারে চেলসি।
এভারটনকে হারিয়ে চেলসির সঙ্গে ব্যবধান তিন পয়েন্টে নামিয়ে এনেছে সিটি। ১৫ ম্যাচ শেষে চেলসির পয়েন্ট ৩৬। আর সিটির পয়েন্ট ৩৩।
লিগে সিটির এটা টানা চারটি এবং সর্বমোট দশম জয়।
ইতিহাদে ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় সিটি। চোট পেয়ে মাঠ ছাড়েন দারুণ ফর্মে থাকা আর্জেন্টিনার স্ট্রাইকার সের্হিও আগুয়েরো।
তাতে অবশ্য বর্তমান চ্যাম্পিয়নদের আক্রমণের ধার একটুও কমেনি। ২৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন ইয়াইয়া তুরে।
ডি বক্সের মধ্যে ইংলিশ মিডফিল্ডার জেমস মিলনারকে এভারটনের ডিফেন্ডার ফিল জাগিয়েলকা ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকেই লক্ষ্যভেদ করেন কোত তি ভোয়ার মিডফিল্ডার তুরে।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ একটি সুযোগ হারায় সিটি। ডি বক্সের মধ্যে থেকে জোরালো শট নিয়েছিলেন স্পেনের স্ট্রাইকার হোসে আনহেল পোসো; কিন্তু বল কোনোমতে পা দিয়ে ঠেকিয়ে দেন অতিথি গোলরক্ষক।
৭৮তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন মিলনার। গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি।
চার মিনিট পর গোল পরিশোধের ভালো সুযোগ পেয়েছিল এভারটন। কিন্তু বাঁদিক থেকে বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকুর জোরালো কোনাকুনি শট লাফিয়ে পড়ে কোনোমতে এক হাত দিয়ে ঠেকিয়ে দেন সিটির গোলরক্ষক জো হার্ট।
যোগ করা সময়ে আরেকবার ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল এভারটন, কিন্তু সেটাও কাজে লাগাতে পারেনি তারা।
