ফের লিভারপুলের হোঁচট
ইংলিশ প্রিমিয়ার লিগে আবারো পয়েন্ট হারিয়েছে লিভারপুল। পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা সান্ডারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে গতবারের রানার্সআপরা।
মৌসুমের শুরু থেকেই লিভারপুলের পারফরম্যান্সে ধারাবাহিকতার বড্ড অভাব দেখা যাচ্ছে। তবে টানা তিন ম্যাচ হারের পর টানা দুই জয়ে ছন্দে ফেরার আভাস দিয়েছিল দলটি। কিন্তু শনিবার ঘরের মাঠে সমর্থকদের ফের হতাশ করলো ব্রেন্ডন রজার্সের দল।
অ্যানফিল্ডে ম্যাচের শুরুতে দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমিয়ে তোলার আভাস দিয়েছিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উভয় পক্ষের খেলা ছন্দহীন হয়ে পড়ে। প্রথম অর্ধে দুই দলের কেউই নিশ্চিত কোনো সুযোগই তৈরি করতে পারেনি।
বিরতির পর আক্রমণে আরো মনোযোগী হয় স্বাগতিকরা। প্রতিপক্ষের রক্ষণের উপর চাপ বাড়িয়ে তাদের ডি বক্সের আশে পাশেই বেশিরভাগ সময় বল নিয়ে ঘোরাঘুরি করতে থাকে লিভারপুল। কিন্তু সান্ডারল্যান্ডের রক্ষণ কিছুতেই ভাঙতে পারছিল না রাহিম স্টার্লিং-রিকি ল্যাম্বার্টরা।
রক্ষণ ভাঙতে না পেরে মাঝে মধ্যে ডি বক্সের বাইরে থেকে শট নিচ্ছিল স্বাগতিক খেলোয়াড়রা। ৬৭তম মিনিটে স্টিভেন জেরার্ড বদলি হিসেবে নামলে লিভারপুলের খেলায় কিছুটা গতি বাড়ে; কিন্তু সাফল্য আর ধরা দেয়নি।
এই ড্রয়ে ১৫ ম্যাচে লিভারপুলের পয়েন্ট হলো ২১।
