গিটার বাজিয়ে ভালো থাকার কথা জানালেন পেলে
পেলে এখন সুস্থ আছেন। হাসপাতাল থেকে একটি ভিডিও বার্তায় এই খবর দেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি নিজেই।
হাসপাতাল কতৃপক্ষ জানায়, ভিডিওটি বুধবার রেকর্ড করা হয়। ভিডিওতে দেখা যায় ভক্তদের সুস্থ থাকার কথা জানানোর আগে পরিবারের সদস্যদের পাশে বসিয়ে গিটার বাজান পেলে।
এরপর পর্তুগিজ আর ইংরেজি ভাষায় নিজের ভালো থাকার কথা জানিয়ে বিশ্বজোড়া শুভানুধ্যায়ীদের ধন্যবাদ দেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জয়ী তারকা।
“চিন্তা করো না, সবাইকে অনেক ধন্যবাদ। আমি জানি, সবাই আমার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত। কিন্তু আমি ঠিক আছি। আমার আর আমার পরিবারের জন্য প্রার্থনা করতে থাকা সবাইকে ধন্যবাদ।”
নভেম্বর মাসের শুরুর দিকে পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। পরে তার কিডনিতে পাথর ধরা পড়ে। অস্ত্রোপচারের পর ১৩ নভেম্বর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।
এরপর মূত্রঘটিত সংক্রমণ ধরা পড়ে। আবার হাসপাতালে যেতে হয় পেলেকে। একটা সময় চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণেও ছিলেন তিনি।
সর্বকালের সেরা ফুটবলার’ হিসেবে পরিচিত পেলেকে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ‘শতবর্ষের সেরা ফুটবল খেলোয়াড়’ -এর স্বীকৃতি দেয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তাকে অ্যাখ্যা দিয়েছে ‘শতবর্ষের সেরা অ্যাথলেট’ হিসেবে। আর ব্রাজিলের সরকারের কাছে তিনি ‘জাতীয় সম্পদ’।
