২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাগবির সেরা সেনাবাহিনী ও ফ্লেইম

বিজয় দিবস রাগবিতে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মেয়েদের বিভাগে সেরা হয়েছে ফ্লেইম রাগবি ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 03:09 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

শনিবার পল্টন আউটডোর স্টেডিয়ামে ছেলেদের ফাইনালে ১৯-০ পয়েন্টে ফ্লেইম বয়েস ক্লাবকে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

আর মেয়েদের ফাইনালে কবি নজরুল কলেজ দলের বিপক্ষে ৩৭-৫ পয়েন্ট ব্যবধানে জয় পেয়েছে ফ্লেইম রাগবি দল।

ছেলেদের পাশাপাশি এই প্রথমবারের মতো মেয়েদের টুর্নামেন্টও আয়োজন করে বাংলাদেশ রাগবি ফেডারেশন।

ইউরোপে খুব জনপ্রিয় হলেও বাংলাদেশে রাগবি এখনো ‘অপ্রচলিত’ পর্যায়ে আছে। তাছাড়া এই খেলাটি অনেকটা শক্তিনির্ভর। তবে মাহমুদুর, আশরাফ, নাজমুস সাকিবদের মতো শরিফা, ঝর্ণা, নিশারাও জানালেন খেলাটির প্রতি ভালবাসা জন্মেছে বলেই এসেছেন।

মেয়েদের বিভাগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ফ্লেইম রাগবি ক্লাবের শরিফা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা বেশ মজার খেলা। খেললে শরীরও ভালো থাকে। আসরের সেরা খেলোয়াড় হতে পেরে খুবই ভালো লাগছে।” “এবারই প্রথম মেয়েদের রাগবির আসর হলো। আমরা চ্যাম্পিয়ন হয়েছি। পরে যারা আসবে, তারা আমাদের কথা নিশ্চয় মনে রাখবে। আশা করি, এ দেশের রাগবি অনেক দূর এগিয়ে যাবে”, যোগ করেন তিনি। ছেলেদের বিভাগের চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর মাহমুদুর রহমান হয়েছেন আসরের সেরা খেলোয়াড়। তিনি এখন স্বপ্ন দেখছেন, ক্রিকেট, ফুটবলের মতো রাগবিতেও একদিন বাংলাদেশ জাতীয় দল হবে। “যদি কখনো জাতীয় দল হয়, সেখানে খেলার আশা আছে। রাগবি থেকে দেশকে কিছু এনে দেয়ার স্বপ্ন আছে আমার।” সেনাবাহিনীর অধিনায়ক আশরাফ আলি রাগবিকে এগিয়ে নেয়ার জন্য সরকারের সহযোগিতাও চাইলেন। “শরীরের ‘ফিটনেস’ ধরে রাখার জন্য এই খেলাটা অনেক ভালো। বাইরের বিশ্বে রাগবি বেশ জনপ্রিয়। আমাদের দেশে এর জনপ্রিয়তা বাড়াতে হলে সরকারের পৃষ্ঠপোষকতা দরকার।” দরকার আসলে অনেক কিছু- আলাদা মাঠ, অর্থ, কোচ। খেলোয়ারদের শারীরিক সামর্থ্যও দরকার। ক্লাব পর্যায়ের এ ধরণের টুর্নামেন্টে ম্যাচের সময় হওয়ার কথা ৮০ মিনিট। কিন্তু ছেলেদের ফাইনাল ৪০ মিনিট ও মেয়েদের ফাইনাল ২০ মিনিট করা হয়েছে এই আসরে। চারটি করে দল নিয়ে ছেলে ও মেয়েদের আসর হয়েছে এবার। তবে আগামীতে বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানান বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলি। “প্রতি বছর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় রাগবি আয়োজনের পরিকল্পনা আছে আমাদের। এখানে সফল হলে প্রথম বিভাগ রাগবি আয়োজন করব।”