২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইহুদি বিদ্বেষ’ দেখিয়ে অভিযুক্ত বালোতেল্লি

অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে ‘ইহুদি বিদ্বেষী’ একটি ছবি দিয়ে ফেঁসে গেছেন মারিও বালোতেল্লি। তার বিরুদ্ধে অভিযোগ এনেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 11:49 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

বার্তাসহ ইনস্টাগ্রামে দেয়া ছবিটি সরিয়ে পরে ক্ষমা চান লিভারপুলের এই স্ট্রাইকার। কিন্তু তাতে পার পাচ্ছেন না তিনি। ইংলিশ ফুটবল সংস্থা পুরো ঘটনা তদন্ত করার কথা জানায়। তারই প্রেক্ষিতে শুক্রবার বালোতেল্লির বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বালোতেল্লিকে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে জবাব দিতে হবে।

ইতালির এই ফরোয়ার্ড ইনস্টাগ্রামে সুপার মারিও গেমের চরিত্রের একটি ছবি দিয়ে তাতে লিখেছিলেন, “বর্ণবাদী হয়ো না, মারিওর মতো হও। জাপানের লোকেদের তৈরি ইতালির কল মিস্ত্রি সে; সে কথা বলে ইংরেজিতে এবং দেখতে মেক্সিকানদের মতো।”

সঙ্গে যোগ করেন, “...কালো মানুষের মতো লাফায় এবং ইহুদিদের মতো পয়সা আঁকড়ে ধরে।”

শেষের এই অংশটাই বিপত্তি ঘটায়। সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে তোলপাড় শুরু হয়। বিষয়টি ইচ্ছাকৃতভাবে ইহুদিদের হেয় করার জন্য প্রমাণ হলে ৫ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন বালোতেল্লি।

এ মৌসুমে লিভারপুলে নাম লেখানো বালোতেল্লি অবশ্য কিছুক্ষণ পরেই ইনস্টাগ্রাম থেকে ছবিটি সরিয়ে নেন। তার দাবি, এটি তিনি বাজে কোনো মনোভাব থেকে করেননি। পরে সবকিছুর জন্য ক্ষমা চান তিনি।