২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় সিদ্দিকুরের হতাশার দিন

ইন্দোনেশিয়া ওপেনের দ্বিতীয় রাউন্ডে বাজে খেলে প্রতিযোগিতা থেকে বাদ পড়ার পথে আছে সিদ্দিকুর রহমান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 06:18 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

শুক্রবার দ্বিতীয় দিন শেষে দুই রাউন্ড মিলে পারের চেয়ে মোট ৬ শট বেশি খেলে ১০৯তম স্থানে আছে বাংলাদেশের প্রথম পেশাদার গলফার সিদ্দিকুর।

শুক্রবার বজ্রপাতের কারণে দিনের খেলা শেষ হয়নি। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় দ্বিতীয় রাউন্ডের বাকি খেলা শুরু হবে। আর তাতে চরম নাটকীয় কিছু না হলে সিদ্দিকুর ‘কাট’-এ বাদ পড়বেন। এখন কাটের ওপর আছেন ৭০ জন গলফার।

প্রথম রাউন্ডে পারের চেয়ে ১ শট বেশি খেলে যৌথভাবে ৫৪তম স্থানে ছিলেন সিদ্দিকুর। কিন্তু দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে মোট পাঁচ শট বেশি খেলেন তিনি।

দ্বিতীয় দিনে একটি ‘ট্রিপল বোগি’ (পারের চেয়ে তিন শট বেশি খেলা) এবং চারটি ‘বোগি’ (পারের চেয়ে এক শট বেশি খেলা) করেন সিদ্দিকুর। দু’টি ‘বার্ডি’ (পারের চেয়ে এক শট কম খেলা) করেও তাই এগুতে পারেননি বাংলাদেশের সেরা এই গলফার।