বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন: স্বাগতিকদের অম্ল-মধুর দিন
বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টনে স্বাগতিক খেলোয়াড়রা অম্ল-মধুর দিন পার করেছে। প্রথম পর্বের খেলায় বাংলাদেশের আট প্রতিযোগীর মধ্যে চারজন জিতেছে আর চারজন হেরেছে।
মঙ্গলবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পুরুষ এককে জিতেছেন মো. আরিফ হোসেন, মো. মিনহাজ ও জামান ইবনে আইমান। আরিফ ২১-১৪, ২১-১১ পয়েন্টে নেপালের সাজান কৃষ্ণাকে, মিনহাজ ২১-১৬, ২১-১৭ ব্যবধানে একই দেশের ইন্দ্রা মেহতাকে হারিয়েছেন। আর মালদ্বীপের নাশেউ শারাফুদ্দিনকে ২১-৬, ২১-১৫ পয়েন্টে হারিয়েছেন আইমান।
পুরুষ বিভাগে হেরেছেন বাংলাদেশের সালেহ আহমেদ শ্যামল, মো. রইস উদ্দিন ও মোয়াজ্জেম হোসেইন।
মেয়েদের এককে এলিনা সুলতানা ২১-৮, ২১-৩ পয়েন্টে হারিয়েছেন নেপালের মিনা শ্রেষ্ঠাকে। এ বিভাগে বাংলাদেশের মেয়ে রেহানা পারভীন ২১-৮, ২১-৭ ব্যবধানে হেরেছেন শ্রীলঙ্কার এচিনিনিমেশিকা র্যাথনাসিরের কাছে।
ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ওপেনে এবারের আসরে ১১টি দেশের মোট ৭৮জন খেলোয়াড় শিরোপার জন্য লড়বেন। বাংলাদেশের ১৬ জন ছেলে ও ৪ জন মেয়ে খেলছেন।
