থাইল্যান্ডের জালে বাংলাদেশের ১০ গোল
জুনিয়র এএইচএফ কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডকে ১০-০ গোলে হারিয়েছে অনূর্ধ্ব-২১ দলের তরুণরা।
মঙ্গলবার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বাংলাদেশের জয়ে খোরশেদুর রহমান ও মো. মিলন তিনটি করে গোল করেন। এছাড়া মইনুল ইসলাম কৌশিক দুটি, সারোয়ার ও মিলন একটি করে গোল পেয়েছেন।
জুনিয়র এশিয়ান হকি ফেডারেশন কাপের এই আসরে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আর নিজেদের প্রথম ম্যাচে ওমানের কাছে ৭-০ গোলে হেরেছিল থাইল্যান্ড।
ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। মিলনের বাড়ানো বল থেকে থেকে গোলটি করেন অধিনায়ক সারোয়ার। এর তিন মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন খোরশেদ।
একের পর এক আক্রমণ চালিয়ে প্রথমার্ধেই থাইল্যান্ডের জালে আরো তিন গোল করে বাংলাদেশ। দশম মিনিটে পেনাল্টি কর্নার থেকে কৌশিকের পুশ আর সারোয়ারের স্টপ থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন খোরশেদ। ২০তম মিনিটে একক প্রচেষ্টায় মিলন এবং তিন মিনিট পর খোরশেদ লক্ষ্যভেদ করলে ৫-০ ব্যাবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধেও থাইল্যান্ডের রক্ষণভাগে আক্রমণের ঝড় তোলে বাংলাদেশ। তিন মিনিটের ব্যবধানে কৌশিক ও মিলনের গোলে স্কোরলাইন ৭-০ করে ফেলে বাংলাদেশ। এরপর মো. রোমান, কৌশিক, মিলনের গোলে বড় জয় পায় বাংলাদেশ।
বৃহস্পতিবার ওমানের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।
