২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকির ক্যাম্পে ফিরলেন জিমিরা

বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বের প্রস্তুতি ক্যাম্পে জায়গা পেয়েছেন রাসেল মাহমুদ জিমিসহ নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা চার খেলোয়াড়। তবে জাতীয় দলে ঠাঁই পেতে হলে চারজনকে নতুন করে সামর্থ্যের প্রমাণ দিতে হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 04:14 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

আগামী জানুয়ারি সিঙ্গাপুরে হবে বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বের খেলা। এ জন্য সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপিতে প্রস্তুতি নিচ্ছে হকি দল। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘ফিটনেস টেস্ট’ দিতে আসেন রাসেল মাহমুদ জিমি, জাহিদ হোসেন, ইমরান হাসান পিন্টু ও কামরুজ্জামান রানা।

লম্বা সময় মাঠের বাইরে থাকা এই চারজনের ফিটনেস নিয়ে শতভাগ খুশি নন জাতীয় দলের সহকারী কোচ মামুনুর রশিদ। প্রথম দফার ‘ফিটনেস টেস্টে’ ভালো করতে না পারায় ১০ দিন পর আবারো জিমিদের পরীক্ষা দিতে হবে বলে জানান মামুনুর।

বিকেএসপির ক্যাম্প থেকে ১৮ জনকে নিয়ে চূড়ান্ত দল গঠন করা হবে। দলে জায়গা পাওয়ার জন্য জিমিদের লড়াই করতে হবে বলেও সতর্ক করে দিয়েছেন মামুনুর।

“ওদের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু এটাও সত্য, দীর্ঘ দিন ওরা খেলার মধ্যে ছিল না। এ কারণে ফিটনেস টেস্ট নেয়া হয়েছে, যাতে করে তারাও নিজেদের অবস্থানটা বুঝতে পারে। তবে আমার মনে হয়, প্রতিটি পজিশনে এখন প্রতিদ্বন্দ্বিতা আছে এবং এবার দলে আসতে হলে ওদেরকে লড়াই করতে হবে।”

২০১৩ সালের এশিয়া কাপের ব্যর্থতার তদন্তের পর গত নভেম্বরে জিমি, জাহিদ, পিন্টু ও রানাকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করে হকি ফেডারেশন।

রানার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয় গত অক্টোবরে। আর জিমি, পিন্টু ‍ও জাহিদকে নিষেধাজ্ঞা থেকে গত মাসে মুক্তি দেয় ফেডারেশন।