৮০ গজ দৌড়ে অবিশ্বাস্য গোল
অসাধারণ এক গোল করে আলোচনায় উঠে এসেছেন তোরিনোর ফুটবলার ব্রুনো পেরেস। ৮০ গজ বল নিয়ে দৌড়ে ইউভেন্তুসের জালে গোলটি করেছেন ব্রাজিলের এই ডিফেন্ডার।
রোববার রাতে মুখোমুখি হয়েছিল নগর প্রতিপক্ষ ইউভেন্তুস-তোরিনো। ওই ম্যাচে ২২তম মিনিটে অবিশ্বাস্য এই গোল করে তোরিনোকে সমতায় ফেরান ব্রুনো। নিজেদের পেনাল্টি সীমানা থেকে বল নিয়ে পল পগবা, আতুর্রো ভিদালকে একে একে ছিটকে দিয়ে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে ইউভেন্তুসের জালে গোল করে আসেন ব্রাজিলের এই ফুটবলার।
ব্রুনোর গোলটি ছিল এক যুগ পর ইউভেন্তুসের জালে তোরিনোর প্রথম গোল। তাই কষ্ট হলেও এমন একটি গোল করতে পেরে দারুণ খুশি ব্রুনো।
“যখন আমি মাঝ মাঠে পৌঁছালাম, তখন মনে হচ্ছিল ফুরিয়ে গেছি। কেন না অনেক বৃষ্টি হয়েছিল এবং মাঠও ভারী হয়ে পড়েছিল।”
শেষ দিকে ইউভেন্তুসের আন্দ্রেয়া পিরলো গোল করলে হেরে যায় ব্রুনোর দল। এ কারণে নিজের গোলের আনন্দ থাকলেও হতাশ এই ব্রাজিলিয়ান।
“গোলটার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা ম্যাচটা হেরেছি।”
