এপ্রিলে বাংলাদেশে হবে ইন্দো-বাংলা গেমস
লম্বা বিরতির পর ইন্দো-বাংলা গেমস মাঠে গড়াতে যাচ্ছে। আগামী বছরের এপ্রিলে ইন্দো-বাংলা গেমসের চতুর্থ আসরের আয়োজন করবে বাংলাদেশ, যাতে থাকবে ১০টি খেলা।
বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত ব্যানার্জির সঙ্গে আসা আরো তিন কর্মকর্তার সঙ্গে বিওএ কর্মকর্তারা শনিবার অলিম্পিক ভবনে বৈঠকে বসেন। আলোচনার পর এপ্রিলে ইন্দো-বাংলা গেমস আয়োজনের কথা সাংবাদিকদের জানায় দুই পক্ষ।
বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত ব্যানার্জি বলেন, “মৈত্রীর মনোভাব তৈরির লক্ষ্য নিয়ে আমরা এসেছিলাম। সফল হয়েছি।”
বিওএর কর্মকর্তাদের সঙ্গে রোববার আবারো আলোচনায় বসবেন প্রতিনিধিরা। এ বৈঠকে গেমস আয়োজনে বাকি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
বিওএ সহ-সভাপতি মিজানুর রহমান মানু বলেন, “অনেক দিন ধরে ইন্দো-বাংলা গেমস বন্ধ রয়েছে। যত দ্রুত সম্ভব, এটা চালু করাই আমাদের লক্ষ্য। প্রীতিমূলক এই আসর ভালোভাবে শেষ করার আশা করি আমরা।”
“আগামী এপ্রিলেই এবারের ইন্দো-বাংলা গেমস আয়োজন করতে চাই আমরা। ২ এপ্রিল শুরু করে ১২ এপ্রিলে এবারের আসর শেষ করার পরিকল্পনা আমাদের।”, যোগ করেন তিনি।
ঢাকার বাইরে ভেন্যু করার কথাও ভাবছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। সেক্ষেত্রে নড়াইল জেলার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন কর্মকর্তারা। যাতায়াত, আবাসন ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হলে কিছু ডিসিপ্লিন নড়াইলে হতে পারে বলে ইঙ্গিত দেন বিওএ সহ-সভাপতি।
অ্যাথেলেটিক্স, সুইমিং, শুটিং, ভলিবল, বক্সিং, জিমন্যাস্টিকস, ভারোত্তোলন, ব্যাডমিন্টন, ফুটবল ও কাবাডি-এই ১০ ডিসিপ্লিন নিয়ে হবে এবারের ইন্দো-বাংলা গেমস। প্রতিটি ডিসিপ্লিনে সেরা দল পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন বেঙ্গল অ্যাসোসিয়েশনের সভাপতি।
২০০৭ সালে ভারতের কলকাতায় বসেছিল ইন্দো-বাংলা গেমসের প্রথম আসর। ২০০৮ সালে ঢাকায় হয়েছিল দ্বিতীয় আসর। এরপর ২০১০ সালে কলকাতায় তৃতীয় আসর হওয়ার পর ইন্দো-বাংলা গেমস মাঠে গড়ায়নি।
