রোমার সহজ জয়
টানা দুটি হারের পর ফের জয়ের দেখা পেয়েছে রোমা। ইতালির শীর্ষ লিগ সেরি আয় তোরিনোকে ৩-০ গোলে হারিয়েছে রাজধানীর দলটি।
গত সপ্তাহে লিগে নাপোলির মাঠে ২-০ গোলে হারের পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের মাঠেও একই ব্যবধানে হারে রোমা।
রোববার রাতে রোমার গোল তিনটি করেন ভাসিলিস তোরোসিদিস, সেইডু কেইটা ও আদেম লিয়াইচ।
ঘরের মাঠে অষ্টম মিনিটে গ্রিক ডিফেন্ডার তোরোসিদিসের গোলে এগিয়ে যায় রোমা। ২৭তম মিনিটে ব্যবধান বাড়ান মালির মিডফিল্ডার কেইটা। আর দ্বিতীয়ার্ধে ৫৮তম মিনিটে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করে ফেলেন সার্বিয়ার স্ট্রাইকার লিয়াইচ।
১১ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোমা। শীর্ষে থাকা ইউভেন্তুসের পয়েন্ট ২৮। আগের ম্যাচে তারা ৭-০ গোলে পার্মাকে বিধ্বস্ত করে।
ইন্টার মিলান ও হেল্লাস ভেরোনার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
