মুলারের হ্যাটট্রিকে বায়ার্নের সহজ জয়
টমাস মুলারের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় সহজ জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মানির শীর্ষ লিগে ফ্রাঙ্কফুর্টকে ৪-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবার বায়ার্নের অন্য গোলটি করেন সুইজারল্যান্ডের মিডফিল্ডার জেরদান শাচিরি।
মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত বায়ার্ন ১১ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে।
প্রতিপক্ষের মাঠে ২২তম মিনিটে প্রথম গোলটি করেন জার্মানির ফরোয়ার্ড মুলার। এই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বুন্দেসলিগার সর্বোচ্চ ২৪ বারের চ্যাম্পিয়নরা।
এরপর দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ গোল করা মুলার। ৬৪ ও ৬৭তম মিনিটে গোল দুটি করেন তিনি।
নির্ধারিত সময় শেষের চার মিনিট আগে শাচিরির গোলে বড় জয় নিশ্চিত হয় বায়ার্নের।
