২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মে মাসেই কাতার বিশ্বকাপ চায় ইউরোপের ক্লাবগুলো

ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার সভাপতি কাতারে ২০২২ বিশ্বকাপ শীতকালে আয়োজনের ওপর জোর দিলেও মহাদেশটির ক্লাবগুলোর সংগঠন তা মে মাসে চায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 02:14 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

গত সোমবার জুরিখে কাতার বিশ্বকাপের সময়সূচি নিয়ে এক সভা শেষে ফিফা এক বিবৃতিতে জানায়, বিশ্বকাপ আয়োজেনের বিকল্প সময় হিসেবে জানুয়ারি-ফেব্রুয়ারি আর নভেম্বর-ডিসেম্বরকে সভায় বিবেচনা করা হয়েছে। অবশ্য মে মাসেও ফুটবল বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্টটি আয়োজনের দাবি উঠেছিল বলে এতে উল্লেখ করা হয়।

কিন্তু ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন (ইসিএ) দাবি করে, সভায় মে মাসে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব অনেক ফিফা সদস্যই স্বাগত জানিয়েছে। সভায় এ নিয়ে আলোচনার বিষয়টি ফিফার বিবৃতিতে ঠিকভাবে ফুটে ওঠেনি।

ইসিএ জানায়, মার্চ মাসে ফিফার পরবর্তী সভায় আবার তারা মে মাসে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব তুলবে।

ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফার সভাপতি মিশেল প্লাতিনি সম্প্রতি বলেন, কাতার বিশ্বকাপ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে হবে না।

উত্তর গোলার্ধে শীতকালে বিশ্বকাপ আয়োজন করলে ইউরোপীয় লিগগুলোর সমস্যা হয় বলে সাধারণত গ্রীষ্মেই বিশ্বকাপ হয়। তবে গ্রীষ্মে কাতারের তাপমাত্রা অত্যধিক থাকে বলে সে সময় বিশ্বকাপ আয়োজনে আপত্তি জানায় অনেক দেশ। তাদের আশঙ্কা, প্রচণ্ড গরমে ম্যাচ হলে খেলোয়াড় ও দর্শকদের স্বাস্থ্যের জন্য তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।

কাতারে ২০২২ সালের বিশ্বকাপ গ্রীষ্মকাল থেকে সরিয়ে নেয়া হবে কিনা তা নির্ধারণে ২০১৩ সালের অক্টোবরে একটি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)।

এরপর দুটি বিকল্প সময় - জানুয়ারি-ফেব্রুয়ারি আর নভেম্বর-ডিসেম্বর আলোচনায় আসে। তবে ইউরোপের বড় ক্লাবগুলো বিকল্প হিসেবে মে মাসে বিশ্বকাপ আয়োজনের পক্ষে; কারণ শীতকালে টুর্নামেন্ট আয়োজন করলে তাদের ঘরোয়া লিগগুলোয় বিঘ্ন ঘটবে।

কাতার বিশ্বকাপের সময়সূচি নিয়ে এই বিতর্কের মধ্যেই নতুন প্রস্তাব দেয় ইসিএ। এপ্রিল-মে মাসে বিশ্বকাপ আয়োজনকে ‘সেরা সমাধান’ বলে দাবি করে ইউরোপের ক্লাবগুলোর প্রতিনিধিত্ব করা এই সংস্থা।