অঘটনের শিকার ম্যান সিটি
ইউরোপ সেরার লড়াইয়ে ব্যর্থতার গণ্ডি থেকে বেরোতে পারেনি ম্যানচেস্টার সিটি। গ্রুপ পর্বের চতুর্থ রাউন্ডে ঘরের মাঠে সিএসকেএ মস্কোর কাছে ২-১ গোলে হেরে গেছে মানুয়েল পেল্লেগ্রিনির দল।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এই মৌসুমে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
বুধবার রাতে ইতিহাদে দ্বিতীয় মিনিটেই স্বাগতিকদের হতবাক করে দিয়ে এগিয়ে যায় মস্কো। ইসরায়েলি মিডফিল্ডার বিবরাস নাচোর ফ্রি-কিকে ডি বক্সের মাঝে অরক্ষিত সেইডু ডোম্বিয়া হেড করে বল জালে জড়ান। ইয়াইয়া তুরের ভুলে অরক্ষিত হয়ে পড়েন মস্কোর এই স্ট্রাইকার।
ছয় মিনিট পরেই অবশ্য ভুলের প্রায়শ্চিত্ত করেন কোত দি ভোয়ার মিডফিল্ডার তুরে। ২৫ গজ দূর থেকে রক্ষণ-প্রাচীরের ওপর দিয়ে দারুণ বাঁকানো ফ্রি-কিকে দলকে ম্যাচে ফেরান তিনি।
তবে তুরের স্বদেশি ডোম্বিয়ার দ্বিতীয় গোলে ফের পিছিয়ে পড়ে সিটি।
ফরাসি ডিফেন্ডার গায়েল ক্লিশির ভুলে ডি বক্সের সামনে বলের নিয়ন্ত্রণ হারায় সিটি। ওখান থেকে বল পেয়ে ডি বক্সে ঢুকে ব্যবধান বাড়ান ২৬ বছর বয়সী ডোম্বিয়া।
৬২তম মিনিটে ভালো একটা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি সিটির জেমস মিলনার; তার শট পা দিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।
এর আট মিনিট পর বড় ধাক্কাটা খায় সিটি। নাইজেরিয়ার স্ট্রাইকার আহমেদ মুসাকে বাজে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ব্রাজিলের মিডফিল্ডার ফের্নানদিনিয়ো মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ডের দলটি।
৮১তম মিনিটে ফিনল্যান্ডের মিডফিল্ডার রোমান এরেমেঙ্কোকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তুরেকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
নয় জনের দল নিয়েও প্রতিপক্ষের রক্ষণে চাপ বজায় রাখে সিটি, কিন্তু হার এড়াতে পারেনি তারা।
গ্রুপের অন্য ম্যাচে রোমাকে ২-০ গোলে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠে গেছে বায়ার্ন মিউনিখ।
রোমার সঙ্গে ৪ পয়েন্ট নিয়ে বায়ার্নের সঙ্গী হওয়ার লড়াইয়ে আছে মস্কো। ২ পয়েন্ট নিয়ে তালিকায় তলানিতে থাকলেও দুই ম্যাচ হাতে থাকায় সিটির নকআউট পর্বের আশা এখনো বেঁচে আছে।
