২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির অনন্য রেকর্ডে শেষ ষোলোতে বার্সা

অনন্য এক রেকর্ড ছুঁয়ে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে নিয়ে গেলেন লিওনেল মেসি। রাউলের সঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হতে আয়াক্সের জালে জোড়া গোল করেন আর্জেন্টিনার এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 04:15 AM

Updated : 13 Oct 2022, 12:46 PM

বুধবার রাতে বার্সেলোনার কাছে নিজেদের মাঠে ২-০ গোলে হেরে দুই ম্যাচ বাকি থাকতেই গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়লো আয়াক্স।

বার্সেলোনার আক্রমণভাগে শুরু থেকেই ছিলেন মেসি, নেইমার আর সুয়ারেস। একসঙ্গে এই তিন তারকা জুটি বাধার পর দুটো ম্যাচেই হেরেছে দলটি। প্রথমার্ধে আয়াক্সের প্রান্তে বার বার আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিলেন না তিন তারকার কেউই।

এরই মধ্যে ২৬তম মিনিটে গোলের প্রথম ভালো সুযোগটি পায় স্বাগতিকরা। তবে ক্লাসসেনের দারুণ শট ঠেকিয়ে দেন বার্সেলোনার গোলরক্ষক টের স্টেগেন।

সাবেক ক্লাবের বিপক্ষে একটু নিষ্প্রভই ছিলেন সুয়ারেস। নেইমারও ভালো সুযোগ তৈরি করতে পারেননি। তবে ঠিকই জ্বলে উঠলেন মেসি।

৩৫তম মিনিটে মার্ক বারত্রার ক্রসে হেড করে বার্সেলোনাকে এগিয়ে দেন আর্জেন্টিনা অধিনায়ক। বারত্রাকে ঠেকাতে অনেকটা এগিয়ে যাওয়ায় গোলপোস্ট অরক্ষিত হয়ে গিয়েছিল।

এই গোলে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে ৭০টি গোল করা রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদোকে ধরে ফেলেন মেসি।

৫৯তম মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি পেয়েছিলেন সুয়ারেস। মেসির বাড়ানো বল ধরার পর তার সামনে ছিলেন শুধু গোলরক্ষক। কিন্তু উরুগুয়ে তারকার শট দারুণ দক্ষতায় পা দিয়ে ঠেকিয়ে দেন নেদারল্যান্ডসের এক নম্বর গোলরক্ষক ইয়াসপার সিলেসেন। ফিরতি বলে মেসির শট গোলপোস্টের একটু বাইরে দিয়ে যায়।

ছয় মিনিট পর আবার আরেকটি সুযোগ পেয়েছিলেন সুয়ারেস। সিলেসেনের মাথার ওপর দিয়ে লব করলেই বল জালে জড়াতো। কিন্তু ক্রস করতে গিয়ে গোলের সুযোগটি হারান তিনি।

৬৭তম মিনিটে সমতা ফেরানোর একটি সুযোগ হাতছাড়া করে আয়াক্স। বদলি হিসেবে নামা মিলিকের হেড গোলরক্ষককে ফাঁকি দিলেও গোলপোস্টে লাগে।

৭১তম মিনিটে মেসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ভেল্টমানকে মাঠ ছাড়তে হলে ১০ জনের দলে পরিণত হয় আয়াক্স।

৭৬তম মিনিটে রাউলের রেকর্ড ছুঁয়ে বার্সেলোনার জয় নিশ্চিত করেন মেসি। বল নিয়ে দৌড়ে বাঁয়ে বাড়ান নেইমারের বদলি হিসেবে নামা পেদ্রোকে। স্পেনের এই ফরোয়ার্ড বল ফেরত পাঠালে শুয়ে পড়ে পা বাড়িয়ে বুটের তলা দিয়ে তা জালে পাঠিয়ে দেন মেসি।

এই গোলে ৯০ ম্যাচে ৭১ গোল করে রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রাউলকে ছুঁয়ে ফেললেন মেসি।

ক্যাম্প নউতে আগের লেগে নেদারল্যান্ডসের সফল দলটিকে ৩-১ ব্যবধানে হারিয়েছিল বার্সেলোনা।

‘এফ’ গ্রুপের অন্য ম্যাচে আপোয়েলের মাঠে একমাত্র গোলে জিতে বার্সেলোনার মতো দুই ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্সের পিএসজি।

চার রাউন্ড শেষে ১০ পয়েন্ট গ্রুপের শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৯। ছিটকে পড়া আয়াক্স ও আপোয়েলের পয়েন্ট যথাক্রমে ২ ও ১।