২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-২১ দল পাঠাতে আগ্রহী জাপান

বাংলাদেশের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে অনূর্ধ্ব-২১ দল পাঠাতে চায় জাপান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 08:52 PM

Updated : 22 Aug 2022, 07:47 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, বাংলাদেশ চেয়েছিল দুটি প্রীতি ম্যাচ খেলতে। তবে জাপান ঢাকাতে একটি ম্যাচ খেলতে আগ্রহী।

জাপান ঢাকায় ১৮ ডিসেম্বর ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে। তারা ১৬ ডিসেম্বর ঢাকায় আসতে চায়।

তবে প্রীতি ম্যাচ আয়োজনের দিনক্ষণ ও ভেন্যু চূড়ান্ত হয়নি। বাফুফে চায় ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি আয়োজন করতে। কিন্তু বিজয় দিবসে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ আয়োজন ‘কঠিন’ বলে জানান ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায়।

“আমরা প্রীতি ম্যাচটি ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা নিয়েছিলাম। কিন্তু বিজয় দিবসের অনেক অনুষ্ঠান এ মাঠে হবে এবং প্রধানমন্ত্রীও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।”

বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন জাপান ফুটবল ফেডারেশনকে অলিম্পিকে খেলা দল পাঠানোর এবং বাংলাদেশ সফরে দুটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু জাপানের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে প্রত্যাশিত সাড়া পায়নি বাফুফে।