২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষেই থাকল আতলেতিকো

গ্রুপ পর্ব পেরিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠার পথে আরেকধাপ এগিয়েছে আতলেতিকো মাদ্রিদ। সুইডেনের ক্লাব মালমোকে ২-০ গোলে হারিয়েছে গতবারের রানার্সআপরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 05:14 AM

Updated : 13 Oct 2022, 12:46 PM

মঙ্গলবার রাতে দুই অর্ধে একটি করে গোল করে স্পেনের ক্লাব আতলেতিকো।

প্রতিপক্ষের মাঠে ২৯তম মিনিটে কোকের নৈপুণ্যে এগিয়ে যায় আতলেতিকো মাদ্রিদ। রক্ষণের বাধা পেরিয়ে স্বদেশি ডিফেন্ডার হুয়ানফ্রানের দেয়া ক্রসে ব্যাকহিল করে বল জালে পাঠান স্পেনের মিডফিল্ডার কোকে।

৭৮তম মিনিটে আবারো বল পায়ে ডান দিক থেকে আক্রমণ করেন হুয়ানফ্রান। মালমোর ডিফেন্ডার হেলানদার আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হলে বল পেয়ে যান আতলেতিকোর রাউল গার্সিয়া। ১৫ গজ দূর থেকে ডান পায়ের শটে জয় নিশ্চিত করেন স্পেনের এই মিডফিল্ডার।

এই জয়ের ফলে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের শীর্ষস্থান ধরে রাখলো আতলেতিকো।

গ্রুপের অন্য ম্যাচে গ্রিসের অলিম্পিয়াকোসকে ৩-২ গোলে হারিয়ে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা ভালোভাবেই টিকিয়ে রেখেছে ইউভেন্তুস। এই দুই দলের পয়েন্ট সমান ৬, তবে গোল ব্যবধানে এগিয়ে ইতালির সফলতম দলটি।

চতুর্থ স্থানে থাকা মালমোর পয়েন্ট ৩।