২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকআউট পর্বে বরুসিয়া

দাপটের সঙ্গেই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে বরুসিয়া ডর্টমুন্ড। বুধবার রাতে গালাতাসারাইকে ৪-১ গোলে হারিয়ে সেরা ষোলোর টিকেট পেয়েছে জার্মানির দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 05:05 AM

Updated : 13 Oct 2022, 12:46 PM

টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষস্থান আরো মজবুত হলো বরুসিয়ার। প্রথম লেগে নিজেদের মাঠে গালাতাসারাই ৪-০ গোলে বরুসিয়ার কাছে হেরেছিল।

নিজেদের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক খেলা বরুসিয়াকে গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৯তম মিনিট পর্যন্ত। লুকাস পিজসেকের থ্রু থেকে পাওয়া বল ডান পায়ের শটে জালে জড়ান জার্মানির মার্কো রয়েস।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান গ্রিসের সক্রেটিস। কর্নার থেকে উড়ে আসা বলে সেবাস্তিয়ান খেল মাথা ছুঁইয়ে এগিয়ে দেয়ার পর ওই গ্রিক ডিফেন্ডার ফের হেড করে লক্ষ্যভেদ করেন।

৬৯তম মিনিটে ভেসলি স্নেইডারের ক্রসে হেড করে গালাতাসারাইকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন হাকান বেলতা।

অবশ্য চার মিনিট পরেই ব্যবধান ৩-১ করে ফেলেন সিরো ইমোবিলে। পিয়েরে এমেরিক আউবামেয়াংয়ের বাড়ানো বল থেকে গোলটি করেন ইতালির ওই স্ট্রাইকার।

এরপর ৮৪তম মিনিটে সেমিহ কেয়া আত্মঘাতী গোল করলে বড় জয় নিশ্চিত হয় বরুসিয়ার।