মস্কোর বিপক্ষে চোট সমস্যায় ম্যান সিটি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সিএসকেএ মস্কোর বিপক্ষে মাঠে নামার আগে চোট সমস্যায় ভুগছে ম্যানচেস্টার সিটি। দলটির কোচ মানুয়েল পেল্লেগ্রিনি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না ডিফেন্ডার আলেকসান্দার কোলারভ, মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ও প্লেমেকার দাভিদ সিলভা।
পায়ের মাংসপেশির চোটের কারণে গত রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে না পারা সার্বিয়ার কোলারভ এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন।
ঊরুতে চোট পাওয়া ল্যাম্পার্ড গত দুই সপ্তাহ ধরে মাঠের বাইরে আছেন। মস্কোর বিপক্ষে ম্যাচের আগে সুস্থ হয়ে ওঠার আশা ছিল ইংল্যান্ডের এই তারকার, কিন্তু তা হচ্ছে না। আগামী সপ্তাহের মধ্যে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা আছে।
আর গত সপ্তাহে ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত লিগ কাপে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে হাঁটুতে চোট পান স্পেনের খেলোয়াড় সিলভা।
চোটের কারণে গুরুত্বপূর্ণ তিন সদস্যকে ছাড়া মাঠে নামতে হলেও ম্যাচটি নিজেদের মাঠে হওয়ায় হয়তো কিছুটা বাড়তি আত্মবিশ্বাস পাবে সিটি।
বুধবার ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় সিএসকেএ মস্কোর মুখোমুখি হবে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
