২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় চিলি

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের স্বাগতিক হতে চায় চিলি। মঙ্গলবার দেশটির গণমাধ্যম এ কথা জানিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 11:03 PM

Updated : 22 Aug 2022, 07:30 PM

চিলির ফুটবল ফেডারেশনের সভাপতি সের্হিও হাদুয়ে জানান, বিশ্বকাপ আয়োজন করার ব্যাপারে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সঙ্গে তারা আলোচনা করেছে। গত সোমবার পুনঃনির্বাচিত হওয়া হাদুয়ে আরো জানান, সম্ভব হলে একা আর তা না হলে উরুগুয়ের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আযোজন করতে চায় তারা।

আগামী বছর লাতিন আমেরিকার দেশটিতে ফুটবলের দুটি বড় টুর্নামেন্ট হবে; মহাদেশটির সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা আমেরিকা এবং অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আগামী আসর। এই দুটি প্রতিযোগিতা আযোজনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০৩০ সালের বিশ্বকাপের স্বাগতিক হওয়ার আগ্রহের কথা আগেই জানিয়েছিলেন চিলির ফুটবল সভাপতি।

২০৩০ সালে ফুটবল বিশ্বকাপ ১০০ বছরে পা দেবে। ১৯৩০ সালে উরুগুয়ের মাটিতে হওয়া প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক দল। বিশ্বকাপের শতবার্ষিকীতে তাই অনেকেরই চাওয়া, ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতা ফিরে যাক তার শুরুর স্থান লাতিন আমেরিকায়।

১৯৬২ সালের বিশ্বকাপের স্বাগতিক দেশ চিলি এ বছর হওয়া ব্রাজিল বিশ্বকাপে বেশ ভালো খেলে। দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারে হেরে বাদ পড়ে তারা।