২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মস্কোর বিপক্ষে সিটির টিকে থাকার লড়াই

চ্যাম্পিয়ন্স লিগ অভিযান টিকিয়ে রাখার লড়াইয়ে সিএসকেএ মস্কোর মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি। মুখোমুখি লড়াইয়ের ইতিহাস আর পরিসংখ্যান বিবেচনায় এতে অবশ্য ‘ফেভারিট’ ইংলিশ চ্যাম্পিয়নরাই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 06:07 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

বুধবার নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় সিএসকেএ মস্কোর মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।

‘ই’ গ্রুপে খুব একটা ভালো অবস্থানে নেই ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এএস রোমা। আর ৩ ম্যাচে পুরো ৯ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব প্রায় নিশ্চিত বায়ার্ন মিউনিখের।

টিকে থাকার লড়াইয়ে নামার আগে অবশ্য প্রেরণার অনেক উৎস আছে সিটির। গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে তারা। এছাড়া তাদের রয়েছে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ঠিক ৫ নভেম্বরই রাশিয়ার ক্লাব সিএসকেএ মস্কোকে ৫-২ গোলে হারানোর সুখস্মৃতি।

নিজেদের মাঠে খেলা বলেও এগিয়ে থাকবে সিটি। ইংল্যান্ডে ৫টি ম্যাচ খেলে এর কোনোটিতেই জেতেনি মস্কো। আর আতলেতিকো মাদ্রিদ ও সিটির হয়ে রাশিয়ার ক্লাবগুলোর বিপক্ষে খেলা ৪ ম্যাচে ৭টি গোল করেন দারুণ ফর্মে থাকা আর্জেন্টাইন ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো। ১ পয়েন্ট নিয়ে তালিকায় সবার নীচে থাকা মস্কোও অবশ্য এ ম্যাচে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে পারে। এ বছর চ্যাম্পিয়ন্স লিগে যে সময়টা ভালো যাচ্ছে না সিটির। মস্কোতে নিজেদের মাঠে সিটিকে ২-২ গোলের ড্রতে আটকে দিতে পেরেছিল সিএসকেএ। এই প্রেরণাকে পুঁজি করে ইংল্যান্ডের মাঠে জয়-খরা কাটানোর স্বপ্নও তারা দেখতেই পারে।