২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের মাঠে লিভারপুলের টিকে থাকার লড়াই

জিতলেই দুই ম্যাচ হাতে রেখে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত; নিজেদের মাঠে লিভারপুলের মুখোমুখি হওয়ার আগে এই সমীকরণ বাড়তি প্রেরণা যোগাচ্ছে রিয়াল মাদ্রিদ শিবিরে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 03:55 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

অন্যদিকে সব ধরণের প্রতিযোগিতা মিলে টানা ১১ ম্যাচ জেতা রিয়াল মাদ্রিদের জয়রথ না থামাতে পারলে পরের রাউন্ডে ওঠাটা কঠিন হয়ে পড়বে লিভারপুলের।

মঙ্গলবার রিয়ালের মাঠ সান্তিয়গো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় হবে ম্যাচটি।

গ্রুপ পর্বে প্রথম তিনটি ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপের শীর্ষে আছে রিয়াল। গ্রুপের অন্য তিনটি দলের পয়েন্ট সমান ৩।

শেষ ম্যাচে লিভারপুলকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা। দুই সপ্তাহ আগের অ্যানফিল্ডের ওই সহজ জয় বাড়তি আত্মবিশ্বাস জোগাবে ক্রিস্তিয়ানো রোনালদো ও করিম বেনজেমাদের। আর খেলাটা নিজেদের মাঠে হওয়ায় বাড়তি সমর্থন তো থাকছেই।

ঘরোয়া প্রতিযোগিতা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলে গত ১১ ম্যাচে রিয়াল সর্বমোট ৪৬ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে। এর মধ্যে ২০ গোল একাই করেন রোনালদো। ক্লাবের জার্সিতে টানা ১২ ম্যাচে গোল করে চলা এই পর্তুগিজ তারকার অসাধারণ ফর্ম রিয়াল সমর্থকদের প্রত্যাশা আরো বাড়াচ্ছে।

দলের এমন অসাধারণ ফর্মে দারুণ কিছু করার স্বপ্ন দেখছেন রিয়ালের গোলরক্ষক ও অধিনায়ক ইকের কাসিয়াস। এই দল ইতিহাস গড়তে পারে বলে মনে করেন তিনি। “বড় শিরোপাগুলো জিততে পারবো বলে আমরা আশা করি। আমদের দলে তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের ভালো সংমিশ্রণ আছে।” এমন দুর্দান্ত ফর্মে থাকা দলের বিপক্ষে মাঠে নামার আগে লিভারপুলের সাম্প্রতিক পারফরম্যান্স একদমই ভালো নয়। রিয়ালের বিপক্ষে ওই হারের পর ইংলিশ প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ খেললেও তারা জিততে পারেনি কোনোটিতেই। হাল সিটির সঙ্গে গোলশূন্য ড্র করার পর গত শনিবার নিউক্যাসল ইউনাইটেডের কাছে একমাত্র গোলে হেরে যায় কোচ ব্রেন্ডন রজার্সের দল। ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতায় লিভারপুল পাঁচবারের চ্যাম্পিয়ন হলেও গত চার বছরে এই প্রতিযোগিতায় খেলারই সুযোগ পাইনি তারা। তবে ‘অল রেডস’ নামে পরিচিত দলটির কোচ রজার্সের মনে করেন, মাঝের ওই খারাপ সময়টা কাটিয়ে উঠছে তার দল। প্রথম তিন ম্যাচের দুটিতে হেরে গেলেও পরের রাউন্ডে ওঠার আশা অবশ্য এখনও ছাড়েননি রজার্স। “কোয়ালিফাই করতে আমরা এখনও ভালো অবস্থানে আছি, সেটাই আমাদের লক্ষ্য। সম্ভবত এই মুহূর্তে বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলাটা বড় ব্যাপার।”