নিষিদ্ধ হলেন ব্রাজিলের বিশ্বকাপ স্ট্রাইকার জো
ব্রাজিলের স্ট্রাইকার জো তার ক্লাব আতলেতিকো মিনেইরোতে নিষিদ্ধ হয়েছেন। গত বিশ্বকাপে খেলা এই তারকাকে বড় ধরণের শৃঙ্খলাভঙ্গের ঘটনায় শাস্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন ক্লাবটির পরিচালক।
ক্লাবের পরিচালক এদুয়ার্দো মালুফ সোমবার জানান, জো এবং আরো দুই খেলোয়াড় আন্দ্রে ও এমারসনকে ক্লাবের আর দরকার নেই। তবে তারা কি করেছে, সে বিষয়ে কিছু বলেননি তিনি।
এ বছর আতলেতিকো মিনেইরোর হয়ে জো, আন্দ্রে আর এমারসনের আর মাঠে নামা হবে না জানিয়ে মালুফ বলেন, ক্লাব কর্তৃপক্ষ খতিয়ে দেখছে এই তিন জনকে বরখাস্ত করার আইনি অধিকার তাদের আছে কিনা।
এভারটন ও ম্যানচেস্টার সিটির সাবেক স্ট্রাইকার জো ব্যক্তিগত কিছু সমস্যা কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় ছিলেন। এর আগে শৃঙ্খলাজনিত বিষয়ে কিছু ছাড়ও পেয়েছিলেন তিনি।
