সুয়ারেসের অম্লমধুর ফেরা
প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে পেরে দারুণ খুশি লুইস সুয়ারেস। তবে তার এই আনন্দটাকে তিক্ত করে দিয়েছে ফেরার ম্যাচ ক্লাসিকোর হার।
এই মৌসুমেই লিভারপুল থেকে বার্সেলোনায় নাম লেখান লুইস সুয়ারেস। কিন্তু চার মাসের নিষেধাজ্ঞার কারণে নতুন ক্লাবের হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে খেলা হয়নি তার।
ক্লাব ফুটবলে প্রতিযোগিতামূলক ম্যাচের ওপর তার চার মাসের নিষেধাজ্ঞা শেষ হয় গত শুক্রবার। আর শনিবার সান্তিয়াগো বের্নাবেউতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্পেনের লা লিগায় অভিষেক হয় সুয়ারেসের।
কোচ লুইস এনরিকে সুয়ারেসকে শুরুর একাদশেই রাখেন। ম্যাচের চতুর্থ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেয়া গোলটি সুয়ারেসের পাস থেকেই করেন নেইমার।
ম্যাচ শেষে প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার আনন্দের কথা বলেন সুয়ারেস।
“আমি আবার খেলতে পেরে আনন্দিত। এটা দারুণ স্বস্তির। এই সময়টা পেছনে ফেলতে পেরে আমি খুব খুশি।”
তবে ফেরাটা শেষ পর্যন্ত আর সুখের থাকেনি সুয়ারেসের। রিয়ালের মাঠে মৌসুমের প্রথম ক্লাসিকো ৩-১ গোলে হেরে আসে তার দল বার্সেলোনা। সেই প্রসঙ্গ তুলে নিজের অতৃপ্তির কথা বলেন উরুগুয়ের স্ট্রাইকার।
“ফলের কারণে অনুভূতিটা অম্লমধুর। কিন্তু এই দলটি অনেকবারই নিজেদের ওপরে তুলেছে।”
ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনিকে কামড় দেয়ার কারণে সুয়ারেসকে যেকোনো ধরণের ফুটবল থেকে ৪ মাস আর উরুগুয়ের হয়ে ৯ ম্যাচের জন্য নিষিদ্ধ করে ফিফা।
সুয়ারেস আন্তর্জাতিক ক্রীড়া আদালতে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার পর শাস্তি কিছুটা শিথিল হয়। উরুগুয়ে ও বার্সেলোনার হয়ে অনানুষ্ঠানিক ম্যাচ খেলার অনুমূতি দেয়ার পাশাপাশি ক্লাবের সঙ্গে অনুশীলন করার সুযোগ পান তিনি।
