২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফর্মের তুঙ্গে রোনালদো

স্পেনের লা লিগা অথবা চ্যাম্পিয়ন্স লিগ; ক্রিস্তিয়ানো রোনালদো গোল পেয়েই চলেছেন। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা আছেন ফর্মের তুঙ্গে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 03:39 PM

Updated : 13 Oct 2022, 12:43 PM

নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে স্পেনের লা লিগায় শনিবার বার্সেলোনাকে ৩-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদকে পেনাল্টি থেকে সমতায় ফেরানো গোলটি করেন রোনালদো।

এই নিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচে গোল পেলেন রোনালদো। ১৬ গোল নিয়ে এই মুহূর্তে লিগের সর্বোচ্চ গোলদাতাও তিনিই। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেইমারের গোল ৯টি।

রিয়াল মাদ্রিদ লিগে ৯টি ম্যাচ খেললেও রোনালদো খেলেন ৮টি। এই ৮ ম্যাচে তিনটি হ্যাটট্রিকও করেন রোনালদো।

ক্লাসিকোর আগের ম্যাচে লেভান্তের বিপক্ষে জোড়া গোল করে লা লিগার ৭১ বছরের একটি পুরানো রেকর্ড ভাঙেন রোনালদো। লা লিগার প্রথম ৮ ম্যাচে ১৫ গোল করেন তিনি। ১৯৪৩-৪৪ মৌসুমে ক্লাব রিয়াল ওভিয়েদোর খেলোয়াড় এচেভাররিয়ার গড়া ১৪ গোলের পুরনো মাইলফলক পেরিয়ে যান রোনালদো।

চ্যাম্পিয়ন্স লিগেও অসাধারণ খেলে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার। ৩ ম্যাচে ৩ গোল করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ম্যাচে একটি অপূর্ণতা ঘোচান পর্তুগালের তারকা। লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে নিজের গোল-খরা কাটিয়ে দলকে জয় এনে দেন তিনি।

লিগের ১৬ গোল আর চ্যাম্পিয়ন্স লিগের ৩ গোলের বাইরে উয়েফা সুপার কাপেও একই ফর্ম দেখান রোনালদো। সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করে দলকে ২-০ ব্যবধানে জয় এনে দেন তিনি।

সব মিলিয়ে এ মৌসুমে রিয়ালের হয়ে ১৪ ম্যাচে ২১ গোল করেন ‘গোল মেশিন’ রোনালদো।