লাল কার্ডকেই দুষছেন বাংলাদেশ কোচ
এগিয়ে গিয়েও ভারতের কাছে ২-১ গোলে হারের কারণ হিসেবে মাসুরার লাল কার্ড পাওয়াকেই দুষছেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। তবে জয়ের ধারায় ছেদ পড়লেও মেয়েদের খেলায় খুশি তিনি।
৬৫তম মিনিটে লাল কার্ড পান বাংলাদেশের ডিফেন্ডার মাসুরা পারভীন। বল বিপদমুক্ত করতে গিয়ে প্রতিপক্ষের প্রেমী চিরুর মুখে পা লাগিয়ে দেন তিনি। এই ফাউল থেকে ডি বক্সের ঠিক বাইরে পাওয়া ফ্রি-কিক নেন কাশমিনা। বল ঠিকমতো ফিস্ট করতে পারেননি স্বাগতিক গোলরক্ষক আয়েশা। গোললাইনে ফাঁকায় বল পেয়ে জালে ঠেলে দেন রোজা। এই লাল কার্ডটি মেনে নিতে পারছেন না বাংলাদেশ কোচ।
“ওই ঘটনায় রেফারি হলুদ কার্ড দিলেও পারতেন কিন্তু তিনি দিলেন লাল কার্ড। এটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ওরা (ভারত) আমাদের চেয়ে শক্তিশালী দল। ওদের বিপক্ষে ১০ জনের দলে পরিণত হলে ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়।”
বঙ্গবন্ধু স্টেডিয়ামে রোববার খেলার ধারার বিপরীতে পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন সানজিদা আখতার। গোলরক্ষক আয়েশাও বেশ কিছু সেভ করেছেন। মাসুরার লাল কার্ড পাওয়া বাদ দিলে মেয়েদের খেলায় খুশি ছোটন।
“ভারত এই আসরের সবচেয়ে শক্তিশালী দল। তাদের বিপক্ষে আমাদের মেয়েরা যথেষ্ট ভালো খেলেছে। আমি বলব, তারা তাদের শতভাগ দিয়ে খেলেছে। মেয়েদের খেলায় আমি খুশি।”
ইরানের কাছে হেরে বাছাই পর্ব শুরুর পর বাংলাদেশের বিপক্ষে জেতায় খুশি ভারত কোচ মাইমল রকি। তবে প্রতিপক্ষের প্রশংসা করতে ভোলেননি তিনি।
“জয় পাওয়ায় ভালো লাগছে। তবে আমরা জানতাম বাংলাদেশ শক্তিশালী দল এবং আমাদেরকে ভোগাবে। আজ (রোববার) ওরা আমাদের যথেষ্ট ভুগিয়েছেও।”
বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ইরানের। বাছাই পর্ব পেরিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে ইরানের বিপক্ষে বড় জয় পেতে হবে বাংলাদেশকে। এ ছাড়া তাকিয়ে থাকতে হবে গ্রুপের বাকিদের ম্যাচের ফলের দিকে। বাংলাদেশ কোচ অবশ্য মূল পর্বের আশা এখনো ছাড়ছেন না।
“আমরা দুইটা ম্যাচ জিতেছি। ইরান দুইটা জিতেছে। আমি বলব একমাত্র সংযুক্ত আরব আমিরাত ছাড়া বাকি সব দলেরই মূল পর্বে খেলার সম্ভাবনা আছে।”
