২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরের মাঠে আতলেতিকোর জয়

ভালেন্সিয়ার মাঠে হারের ধাক্কা কাটিয়ে লা লিগায় আবারো জিতেছে আতলেতিকো মাদ্রিদ। এসপানিওলকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2014, 06:19 PM

Updated : 13 Oct 2022, 12:42 PM

গত ৪ অক্টোবর ভালেন্সিয়ার কাছে ৩-১ গোলে হেরেছিল আতলেতিকো।

রোববার এসপানিওলকে হারিয়ে নিজেদের মাঠে টানা ২৪ ম্যাচ অপরাজিত রইল দিয়েগো সিমেওনের শিষ্যরা।

ভিসেন্তে কালদেরনে প্রথমার্ধের নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগে তিয়াগোর গোলে এগিয়ে যায় আতলেতিকো। স্পেনের মিডফিল্ডার গাবির দারুণ ক্রসে ডি বক্সের মধ্যে থেকে হেড করে খানিকটা এগিয়ে আসা গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়ান পর্তুগিজ মিডফিল্ডার তিয়াগো।

৭১তম মিনিটে সহজতম সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মারিও সুয়ারেস। মিডফিল্ডার কোকের কর্নার থেকে ডিফেন্ডার দিয়েগো গোদিন হেড করে বল দেন আরেক ডিফেন্ডার জোসে মারিয়াকে। পর্তুগালের মারিয়া আবার হেড করে বল বাড়ান একেবারে গোলমুখে। গোল লাইনের হাত খানেক দূর থেকে আলতো টোকায় লক্ষ্যভেদ করতে ভুল করেননি স্পেনের মিডফিল্ডার সুয়ারেস। ৮৪তম মিনিটে আন্তোনিও গ্রিজমান ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু শট গোলপোস্টে লাগলে হতাশ হতে হয় ফরাসি এই স্ট্রাইকারকে। আট ম্যাচের পাঁচটিতে জেতা আতলেতিকোর পয়েন্ট ১৭। দুটিতে ড্র করেছে এবং একটি হেরেছে তারা।