২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি-নেইমার দুজনে দুজনার

আর্জেন্টিনার মেসি আর ব্রাজিলের নেইমার বার্সেলোনায় ঠিক যেন দুজনে দুজনার। স্পেনের লা লিগার ক্লাবটিতে আরো জমে উঠেছে এই দুই তারকার জুটি; আর তাতে ভর করে এ মৌসুমে দুর্বার গতিতে এগিয়ে চলছে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2014, 04:24 PM

Updated : 13 Oct 2022, 12:42 PM

কোচ লুইস এনরিকের অধীনে কার্যকর একটি জুটি তৈরি করেছেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের সেরা দুই তারকা। ক্যাম্প নউয়ে শনিবার লা লিগায় এইবারের বিপক্ষে মেসি-নেইমারের নৈপুণ্যেই ৩-০ গোলের জয় পায় বার্সেলোনা।

ম্যাচটিতে মেসি একটি গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডের দিকে আরো একধাপ এগিয়ে যান। এই ম্যাচ শেষে মেসির গোল ২৫০টি হলো। ২৫১টি গোল নিয়ে এই রেকর্ডটি ৬ দশক ধরে তেলমো সাররার অধিকারে।

মেসির আগেই ম্যাচে গোল তুলে নিয়েছিলেন নেইমার। দুই মিনিট পর মেসির রেকর্ডের দিকে এগিয়ে যাওয়া গোলটিতে অবদান রাখেন ব্রাজিল ফরোয়ার্ড।

ক্ষিপ্র গতিতে বল পায়ে ছুটে এসে নেইমারকে বল বাড়ান মেসি। নেইমার সঙ্গে সঙ্গে তা ফেরত পাঠান মেসির গতিমুখে। ডি বক্সের ভেতর থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনা অধিনায়ক। এর আগে বার্সেলোনাকে এগিয়ে দেয়া চাভির গোলটা তার পাস থেকেই আসে।

লা লিগায় এ মৌসুমে মেসি আর নেইমার মিলে ১৫টি গোল করেন। এর মধ্যে ৮টি গোল নেইমারের, মেসির ৭টি।

আর লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে স্পেনের ক্লাবটির করা ২৫ গোলের মধ্যে ১৭টিই মেসি-নেইমারের।

লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে মেসি করেছেন ৮টি গোল; নেইমারের গোল ৯টি। তবে গোলে অবদানের কথা বিবেচনায় আনলে ২৫টি গোলের মধ্যে ২২টিতেই ছোঁয়া আছে তাদের।

গত মৌসুমে বোঝাপড়ার শুরু, এ মৌসুমে দুই তারকার মেলবন্ধনটা উপভোগ করার মতো। কোচ লুইস এনরিকের নতুন পরিকল্পনায় মেসি-নেইমার আরেকটু কাছাকাছি থেকে খেলছেন। দুই জনের মধ্যে তাই গোলের সুযোগ তৈরির সুযোগও বেড়েছে। আর এতে সবচেয়ে উপকৃত হয়েছেন নেইমার।

গত মৌসুমে লা লিগার প্রথম ভাগে ছয় গোল করেছিলেন নেইমার। এবার আট ম্যাচ পার না হতেই লা লিগায় তার গোল আটটি। গোলগুলোও করছেন আবার নিখুঁত ফিনিশিংয়ে।

গোল করায় সতীর্থ নেইমারের চেয়ে পিছিয়ে থাকলে কি হবে, এ মৌসুমে মেসি একের পর এক গোল করিয়েও যাচ্ছেন। লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে ৮টি গোলের পাশাপাশি গোলে অবদান রেখেছেন ৯টিতে, যার মধ্যে চারটি আবার নেইমারের।

বার্সেলোনা কোচ লুইস এনরিকে আগেই বলেছিলেন, মেসি-নেইমার জুটি জমে উঠতে দেখে ভালো লাগছে তার। সময়ের অন্যতম সেরা দুই খেলোয়াড়ের জুটিটা পাকাপাকি জমে উঠলে ভালো লাগার কথা পুরো ফুটবল বিশ্বেরই; কারণ এতে যে নয়ন জুড়ানো ফুটবলই দেখা যাবে।