২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেমেনের জালে বায়ার্নের গোল উৎসব

ভের্ডার ব্রেমেনের জালে গোল উৎসব করেছে বায়ার্ন মিউনিখ। শিরোপাধারীরা ৬-০ গোলের সহজ জয় পেলেও বুন্দেসলিগায় আবারো হেরেছে বর্তমান রানার্সআপ বরুসিয়া ডর্টমুন্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2014, 11:13 PM

Updated : 13 Oct 2022, 12:41 PM

শনিবার আলিয়াঞ্জ আরেনায় বায়ার্নের জয়ে জোড়া গোল করেন ফিলিপ লাম ও মারিও গোটসে। একটি করে গোল করেন চাবি আলোনসো ও টমাস মুলার।

২০তম মিনিটে লাম দলকে এগিয়ে নেন। ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ থেকে বায়ার্নে যোগ দেয়া আলোনসো।

৪৩তম মিনিটে পেনাল্টি থেকে স্কোরলাইন ৩-০ করেন মুলার। দুই মিনিট পর নিজের প্রথম গোলটি করেন গোটসে।

দ্বিতীয়ার্ধে ৭৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে স্কোরলাইন ৫-০ করেন লাম। সাত মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে বড় জয় নিশ্চিত করেন গোটসে।

৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে পেপ গার্দিওলার দল বায়ার্ন।

সময়টা মোটেও ভালো যাচ্ছে না জার্মানির আরেক পরাশক্তি বরুসিয়ার। বুন্দেসলিগায় টানা তৃতীয় হারের স্বাদ পেয়েছে দলটি। এবার এফসি কোলনের কাছে ২-১ গোলে হেরেছে গতবারের রানার্সআপরা।

৮ ম্যাচে বরুসিয়ার পয়েন্ট ৭।