২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের বড় জয়ে রোনালদোর জোড়া গোল

মৌসুমের শুরু থেকে দারুণ ফর্মে থাকা ক্রিস্তিয়ানো রোনালদো গোল করেই চলেছেন। শনিবারও করলেন জোড়া গোল। সঙ্গে প্রতিপক্ষের জালে বল পাঠালেন হামেস রদ্রিগেস, ইসকো ও হাভিয়ের এরনান্দেস। পুরো দলের দারুণ পারফরম্যান্সে লেভান্তের মাঠে ৫-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2014, 10:05 PM

Updated : 13 Oct 2022, 12:41 PM

লেভান্তের মাঠে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো রিয়াল। কিন্তু ডি বক্সের মধ্যে থেকেও লক্ষ্যভ্রষ্ট শট নেন ক্রিস্তিয়ানো রোনালদো।

পরের পাঁচ মিনিটে আরো দুটি সুযোগ হারান রোনালদো। তবে ১৩তম মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদে আর ব্যর্থ হননি তিনি।

ডি বক্সের মধ্যে রিয়ালের হাভিয়ের এরনান্দেসকে লেভান্তের ডিফেন্ডার হুয়ানফ্রান ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। তা থেকেই এবারের মৌসুমে লিগে ১৪তম গোলটি করেন দারুণ ফর্মে থাকা পর্তুগিজ তারকা রোনালদো।   

৩৮তম মিনিটে ব্যবধান বাড়ান এই মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে আসা এরনান্দেস। চলতি মৌসুমে সান্তিয়াগো বের্নাবেউয়ে আসা আরেক তারকা মিডফিল্ডার হামেস রদ্রিগেসের দারুণ এক ক্রস থেকে ডি বক্সের মধ্যে অরক্ষিত থাকা এরনান্দেস হেড করে গোলটা করেন।     

দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করে যাওয়া রিয়াল পাঁচ মিনিটের ব্যবধানে আরো দুটি গোল করে।

৬১তম মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন রোনালদো। ইসকোর পাস পেয়ে ডি বক্সের মধ্যে প্রথম জনের বাড়ানো পা এড়িয়ে দ্বিতীয় জনকে কাটিয়ে ডান পায়ের জোরালো শটে বল জালে গড়ান রোনালদো।  লিগে এটা পর্তুগিজ অধিনায়কের ১৫তম গোল।

আর ৬৬তম মিনিটে ব্যবধান ৪-০ করেন ব্রাজিল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হামেস রদ্রিগেস। কলম্বিয়ার তারকা রদ্রিগেসের গোলটা মনে করিয়ে দেয় বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উরুগুয়ের বিপক্ষে করা তার অসাধারণ গোলটিকে।

টনি ক্রসের বাড়ানো বল বুক দিয়ে দারুণভাবে নামিয়ে নিয়ে বাঁ পায়ের শটে গোলটা করেন রদ্রিগেস। শট নেয়ার আগে পড়ে যাচ্ছিলেন রদ্রিগেস কিন্তু ওই অবস্থাতেই দুর্দান্ত শটটা নেন তিনি।

৭৫তম মিনিটে গোলদাতাদের তালিকায় নিজের নাম যোগ করার সহজ সুযোগ হারান লুকা মদ্রিচ।

ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মদ্রিচ ব্যর্থ হলেও সুযোগ হাতছাড়া করেননি ইসকো। ৮২তম মিনিটে এরনান্দেসের পাস পেয়ে দারুণ শটে ডি বক্সের বাঁ দিকের উপরের কোনা দিয়ে বল জালে পাঠান স্পেনের এই খেলোয়াড়।